বিএনপি জোটের হরতাল চলছে
বর্তমান সরকারের আমলে বিএনপি জোটের ডাকা প্রথম হরতাল কর্মসূচি অনেকটা ঢিলেঢালাভাবে চলছে।
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের দাবিতে আজ সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যার এই হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট।
বৃষ্টিস্নাত সকালে রাজধানীতে গণপরিবহনসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করতে দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা বেড়েছে। তবে এই সংখ্যা কর্মব্যস্ত অন্যান্য দিনের তুলনায় কম। রাজধানীর জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে।
দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
জোটের নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে ছোটখাটো বিক্ষোভ-মিছিল করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছেন।
বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে দাবি করেছেন, জোটের ডাকে আজ সারা দেশে স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালিত হচ্ছে। জনগণ এই হরতালে সমর্থন দিয়েছে।
কিছু কিছু জায়গায় জোটের নেতা-কর্মীদের ওপর পুলিশ হামলা করেছে বলে অভিযোগ বিএনপির। দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, বেলা ১১টা পর্যন্ত জোটের অন্তত ২৫ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
শান্তিপূর্ণ মিছিলে বাধা না দেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।
সকাল থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। সেখানে একটি জলকামান ও পুলিশের সাঁজোয়া যানও রাখা হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে আছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহানসহ কেন্দ্রীয় কয়েকজন নেতা।
হরতাল পালনে বিএনপি জোটের বড় কোনো প্রস্তুতি নেই বলে আগেই জানা গেছে। ঢাকায় হরতালের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব হাবিব-উন-নবী খান প্রথম আলোকে বলেন, দলের ঢাকা মহানগরের সব ইউনিটকে রাজপথে শান্তিপূর্ণভাবে মিছিল-সমাবেশ করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ‘উসকানিতে’ পা না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে এর দায় সরকারকে নিতে হবে।
গতকাল রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, হরতাল বানচাল করতে দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে অভিযান চালানো হচ্ছে। গতকাল বিভিন্ন জেলা থেকে অন্তত ৪১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এ ঘটনার নিন্দা এবং হরতাল সফল করার আহ্বান জানান।
এর আগে দলের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডাদেশের প্রতিবাদে দু্ই দফার হরতাল কর্মসূচি দেয় জামায়াত। প্রথম দফার ২৪ ঘণ্টার হরতাল কর্মসূচি ছিল গত বৃহস্পতিবার। দ্বিতীয় দফার হরতাল কর্মসূচি ছিল গতকাল ভোর ছয়টা থেকে আজ ভোর ছয়টা পর্যন্ত।