বিএনপি অভিযোগ করেছে, গত এক সপ্তাহে পৌরসভা নির্বাচনের পরিবেশের অবনতি ঘটেছে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে আরও দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।
গতকাল রোববার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধিদল সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন। প্রতিনিধিদলে নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
সাংবাদিকদের মঈন খান বলেন, নির্বাচনের প্রথম দিকের আবহ এক রকম ছিল। গত এক সপ্তাহে নির্বাচনের আবহ পরিবর্তিত হয়েছে। গত কয়েক দিনে বিরোধীদলীয় প্রার্থী ও কর্মীদের ওপর নৃশংসভাবে হামলা করা হচ্ছে। ঘরবাড়িতে আগুন দেওয়া হচ্ছে। ভাঙচুর করা হচ্ছে। নির্বাচনী পথসভা, আলোচনা সভায় সরকারি দলের কর্মীরা আক্রমণ করছেন। বাধা দিচ্ছেন।
বিএনপির প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল হালিম, সুজাউদ্দিন, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন।
মঈন খান বলেন, নির্বাচনের শেষ প্রান্তে এসে সুষ্ঠু নির্বাচনের জন্য সেনা মোতায়েনসহ নির্বাচন-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাঁরা কথা বলেছেন সিইসির সঙ্গে। তবে বিএনপি কোনো ‘দাবিদাওয়া’ করতে আসেনি উল্লেখ করে তিনি বলেন, ‘মানুষের জন্মগত অধিকার ভোটাধিকার সুপ্রতিষ্ঠিত করার জন্য এসেছি। “নাকচ”, “দাবিদাওয়া” শব্দগুলো সাংবাদিকেরা ব্যবহার করলে ব্যথিত হই।’
নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের জন্য কোনো ব্যবস্থা নিচ্ছে কি না, জানতে চাইলে মঈন খান বলেন, গত এক সপ্তাহে গণমাধ্যমের প্রতিবেদনগুলোই প্রমাণ করবে কমিশন কী করছে। নির্বাচন সুষ্ঠু হবে কি না—এ প্রশ্নে তিনি বলেন, মানুষ যদি নির্ভয়ে, নির্বিকারভাবে ভোট দিতে পারে, রেজাল্টশিটে তা সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়, তাহলে সুষ্ঠু নির্বাচন হবে।
সেনা মোতায়েনের যুক্তি হিসেবে মঈন খান বলেন, প্রশাসন, পুলিশ সব দলীয়করণ করা হয়েছে। ভোটারের বিশ্বাস করতে কষ্ট হয় যে তারা ভোট দিতে পারবেন। সেনাবাহিনী নিয়োগ করা হলে নিরপেক্ষভাবে ভোট দেওয়ার পরিবেশ বজায় রাখা সম্ভব হবে।