বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাস্তায় না নেমে ২০১৯ সালের নির্বাচনের জন্য প্রস্তুত হতে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। গুপ্তহত্যার জন্যও খালেদা জিয়াকে দায়ী করেছেন তিনি। গতকাল শুক্রবার চট্টগ্রামে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত চিকিৎসক সমাবেশ ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
নগরের পাঁচলাইশের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, জাতীয় পার্টির সাংসদ জিয়াউদ্দিন আহমেদ ও আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া।
মন্ত্রী নাসিম বলেন, ‘খালেদা জিয়া কালকে (বৃহস্পতিবার) বলেছেন তিনি আবার মাঠে নামবেন। আপনার রাস্তায় নামার কোনো দরকার নেই। রাস্তায় নেমে আপনি আওয়ামী লীগকে হঠাতে পারবেন না। জ্বালাও-পোড়াও বন্ধ করেছেন। এখন গুপ্তহত্যা শুরু করেছেন। লাভ কিছু হয়নি। বরং আপনি ২০১৯ সালে নির্বাচনের জন্য প্রস্তুত হন। নির্বাচনের মাঠে আপনার সঙ্গে দেখা হবে।’
ইফতার অনুষ্ঠানে আসার আগে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত জায়গা দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ক্যাম্পাসে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন ও সাংসদ জিয়াউদ্দিন আহমেদ। পরে তিনি ইফতার অনুষ্ঠানে ঘোষণা দেন চমেক ক্যাম্পাসের পাশেই চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম ঘোষণা করা হবে। এই বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক হিসেবেও তিনি (উপাচার্য) কাজ করবেন। গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেনের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ শুরু হবে। অনুষ্ঠানে চমেক হাসপাতালে এমআরআই এবং সিটি স্ক্যান মেশিন স্থাপনের আশ্বাস দেন।
মোশাররফ হোসেন বলেন, ‘এমআরআই ও সিটি স্ক্যান মেশিন দিতে স্বাস্থ্যমন্ত্রী দ্বিধা করবেন বলে মনে হয় না। কিন্তু এগুলোর যত্ন নিতে হবে। হাসপাতাল পরিচ্ছন্ন রাখতে হবে। সেবাও দিতে হবে। কয়েক দিন সরকারি হাসপাতালে ভর্তি থাকার পর প্রাইভেট ক্লিনিকে রোগীকে চলে যেতে বলবেন না। এটা আপনারা করবেন না।’
নাছির উদ্দীন বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ অনেক বেশি। হাসপাতালের সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।
স্বাচিপ চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কমিটির আহ্বায়ক শেখ শফিউল আজম। বিএমএ চট্টগ্রামের সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সভাপতি এম ইকবাল আর্সলান, মহাসচিব এম এ আজিজ, বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি মুজিবুল হক খান, স্বাচিপ চমেক শাখার সদস্যসচিব নাসির উদ্দিন মাহমুদ, বিএমএর যুগ্ম সম্পাদক ফয়সাল ইকবাল চৌধুরী, বিএমএর সাবেক সহসভাপতি নুরুল ইসলাম, আরিফুল আমিন প্রমুখ।