নির্বাচনের বারোটা বাজানোর চেষ্টা চলছে: রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশাসনের নাকের ডগায় পৌর নির্বাচনের ‘বারোটা বাজিয়ে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চলছে’ বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, ‘৩০ ডিসেম্বর ২৩৫টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের প্রাক্কালে নির্বিচারে গণগ্রেপ্তার চলছে। সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে বিএনপি ও ২০-দলীয় জোটের নেতা-কর্মীদের প্রতিনিয়ত আটক করা হচ্ছে। এতে নির্বাচনের পরিবেশ নির্মল ও স্বচ্ছতার পরিবর্তে পূতিগন্ধময় হয়ে উঠেছে। সারা দেশে ভীতিকর পরিস্থিতি এখন বিরাজমান।’
রিজভী অভিযোগ করেন, ‘প্রতিনিয়ত মন্ত্রী-এমপিরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন। নির্বাচন কমিশনের সতর্কতা উপেক্ষা করে মন্ত্রী-এমপিরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। নির্বাচন কমিশন কারণ দর্শনোর নোটিশ দিয়েই দায়িত্ব সীমাবদ্ধ রেখেছে।’
নির্বাচন কমিশনের উদ্দেশে রিজভী বলেন, ‘পৌরসভা নির্বাচন নিয়ে সরকারের অশুভ অপকর্মের সঙ্গে গাঁটছড়া বেঁধে নিজের আত্মা ও নীতিবোধকে কলঙ্কিত হতে দেবেন না। আর যদিÿক্ষমতাসীন মহলের প্রদর্শিত পথ ধরেই হাঁটেন, তা হলে ইতিহাসে আপনারা ধান্দাবাজ বলেই অভিহিত হবেন।’