নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব দেবে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে শিগগিরই সুনির্দিষ্ট প্রস্তাব দেবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
গতকাল শুক্রবার আলাদা দুটি অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন।
তোপখানা রোডের শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ লেবার পার্টির আলোচনা সভায় নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন কমিশনকে নিরপেক্ষ হতে হবে এবং নির্বাচনকালীন সরকারকে নিরপেক্ষ হতে হবে। তা না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি বলেন, ‘কীভাবে এটা সম্ভব, কোন প্রক্রিয়ায় করা যায়—এ বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব আমাদের নেত্রী জাতির সামনে উপস্থাপন করবেন। আমাদের দল, ২০ দলের নেতৃবৃন্দ সবাই মিলে প্রস্তাবটি দেওয়া হবে।’
জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরামের আলোচনা সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন কমিশন নিয়ে বিএনপির যে অবস্থান, তা কম সময়ের মধ্যে জানতে পারবেন। বিএনপির পক্ষ থেকে বাংলাদেশের জনগণের ভোট নিশ্চিত করার জন্য, একটি প্রতিনিধিত্বশীল সরকার, সংসদ গঠনের জন্য প্রয়োজনীয় প্রস্তাব বিএনপির পক্ষ থেকে অতিসত্বর দেওয়া হবে।
স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন ও এলডিপির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।
লেবার পার্টির সভায় বক্তব্য দেন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যালবার্ট পি কস্টা, লেবার পার্টির ফারুক রহমান প্রমুখ। সভাপতিত্ব করেন লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান।