নির্বাচনের সূর্য এ বছরই দেখা যাবে: গয়েশ্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ২০১৯ সালের আগে নির্বাচন হবে না বলে সরকার যত দম্ভই করুক, এ বছরের মধ্যেই নির্বাচনের সূর্য দেখা যাবে।
জাতীয় প্রেসক্লাবে গতকাল বুধবার আলোচনা সভায় গয়েশ্বর রায় এ মন্তব্য করেন। স্বাধীনতা ও মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন নামের একটি সংগঠন ‘বর্তমান প্রেক্ষাপটে মানবাধিকার ও গণতন্ত্র’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে।
গয়েশ্বর রায় বলেন, বিএনপি আন্দোলন করতে পারুক আর না পারুক, শেখ হাসিনা বেশি দিন সরকারে থাকতে পারবেন না। আতঙ্কিত হওয়ার কিছু নেই। এখন বিএনপির নেতা-কর্মীদের করণীয় হচ্ছে জনগণকে সংগঠিত করা। আওয়ামী লীগের উচ্চকণ্ঠের কথা শুনলেই বোঝা যায় তাদের বুকে কাঁপন ধরে গেছে।
সভায় অন্যদের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, আয়োজক সংগঠনের মহাসচিব আহসানউল্লাহ প্রমুখ বক্তব্য দেন।