নির্বাচন-প্রক্রিয়া ও ইউপি দুটিই প্রশ্নবিদ্ধ হচ্ছে

প্রথম দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সহিংসতা শেষ হতে না হতে পরবর্তী দফার প্রার্থী নির্বাচন নিয়ে হানাহানি শুরু হয়ে গেছে। মঙ্গলবারের নির্বাচনী হানাহানির জের ধরে গতকাল বিভিন্ন স্থানে আহত হয়েছেন শতাধিক মানুষ।
স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ এই অবস্থাকে অভিহিত করেছেন ‘নির্বাচনী ব্যবস্থার অবনতির এক প্রকট প্রকাশ’ বলে। আর সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার এই নির্বাচনকে বলেছেন অগ্রহণযোগ্য। একই সঙ্গে তিনি পরবর্তী কয়েক দফার ইউপি নির্বাচন নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন।
গত মঙ্গলবার অনুষ্ঠিত প্রথম দফার ইউপি নির্বাচনের সহিংসতার প্রেক্ষাপটে পরবর্তী দফার নির্বাচনগুলো কেমন রূপ নিতে পারে, সে সম্পর্কে জানতে চাইলে এই দুই বিশেষজ্ঞ প্রথম আলোকে এসব কথা বলেন।
স্বাধীন বাংলাদেশে প্রথম ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালে। যুদ্ধবিধ্বস্ত সদ্য স্বাধীন দেশে তখন অনেক সমস্যা ও বিশৃঙ্খলা ছিল। সেই পরিবেশে দেশের প্রথম ইউপি নির্বাচনে যে রকম বিশৃঙ্খলা হয়েছিল, এবার তার চেয়ে কম হয়নি বলে পর্যবেক্ষকদের অভিমত।
এরপর ১৯৭৭ ও ১৯৮৩ সালে মোটামুটি সুষ্ঠু পরিবেশে গ্রহণযোগ্য ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আবার ১৯৮৮ সালে অনুষ্ঠিত নির্বাচনটি হয়ে ওঠে সহিংস ও ভোটারবিহীন। স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন, ওইটি ছিল সবচেয়ে কলঙ্কিত ইউপি নির্বাচন। তিনি বলেন, ১৯৯২ থেকে ২০১১ সাল পর্যন্ত অনুষ্ঠিত ইউপি নির্বাচনগুলো নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। কিন্তু এবার নির্বাচনী ব্যবস্থার একটা বড় অবনতি দেখা গেল। এর ফলে নির্বাচন-প্রক্রিয়ার পাশাপাশি ইউনিয়ন পরিষদও প্রশ্নবিদ্ধ হবে।
নির্বাচনের গ্রহণযোগ্যতার আন্তর্জাতিক মানদণ্ডের পরিমাপকগুলোর মধ্যে রয়েছে ভোটার তালিকা সঠিক ছিল কি না; যাঁরা প্রার্থী হতে চেয়েছেন তাঁরা হতে পেরেছেন কি না; ভোটারদের কাছে পর্যাপ্ত বিকল্প ছিল কি না; ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন কি না এবং নির্বাচন-প্রক্রিয়া বিশ্বাসযোগ্য ছিল কি না।
এই পরিমাপকগুলোর সঙ্গে মঙ্গলবারের নির্বাচন মিলিয়ে বদিউল আলম মজুমদার বলেন, ভোটার তালিকায় সমস্যা আছে। ২০০৮ সালের ভোটার তালিকায় নারী ভোটারের সংখ্যা বেশি ছিল। দেশের প্রায় এক কোটি পুরুষ বিদেশে থাকেন। তাই নারী ভোটার বেশি হওয়াই যৌক্তিক। কিন্তু ২০১৫ সালে হালনাগাদ করা ভোটার তালিকায় নারী ভোটারের সংখ্যা অনেক কম।
সুজনের সম্পাদক বলেন, এবারের নির্বাচনে যাঁরা প্রার্থী হতে চেয়েছেন, তাঁরা সবাই প্রার্থী হতে পারেননি। ফলে ভোটারদের কাছে পর্যাপ্ত বিকল্প ছিল না। ভোটাররা প্রায় কোথাও নির্বিঘ্নে ভোট দিতে পারেননি। নির্বাচন-প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়েও যথেষ্ট প্রশ্ন রয়েছে। এমনকি ক্ষমতাসীন মহাজোটের শরিকেরাও এ প্রশ্ন তুলেছে। তিনি বলেন, এবার নির্বাচনের সময়সূচি ঘোষণা হওয়ার পরই সহিংসতা শুরু হয়ে গেছে।
করণীয় কী: পরবর্তী দফার ইউপি নির্বাচনগুলো কীভাবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা যায়, এ বিষয়ে জানতে চাইলে এই দুই বিশেষজ্ঞই প্রায় অভিন্ন মত প্রকাশ করেন। তাঁরা বলেন, প্রথমত, নির্বাচন কমিশনকে (ইসি) দায়িত্ব নিতে হবে।
দ্বিতীয়ত, রাজনৈতিক দলগুলোকেও দায়িত্ব নিতে হবে। সহিংসতা-হানাহানি হয়েছে প্রধানত চেয়ারম্যান পদে দল-সমর্থিত প্রার্থী ও দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে। চেয়ারম্যান পদেই নির্বাচন হয়েছে দলীয় প্রতীকে। কাজেই দলগুলো নির্বাচনী বিশৃঙ্খলার দায় এড়াতে পারে না। এখন ইসির উচিত রাজনৈতিক দলগুলো ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বসে পরবর্তী দফার নির্বাচনে করণীয় নির্ধারণ করা।
আসকের উদ্বেগ: ইউপি নির্বাচনে নানা অনিয়ম ও সংঘর্ষ-সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। এক বিজ্ঞপ্তিতে আসক বলেছে, গণতন্ত্র ও গণপ্রতিনিধিত্বশীল শাসনব্যবস্থায় এসব কোনোভাবেই কাম্য নয়। সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ইসি ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আসক।