নির্বাহী ও বিচার বিভাগের মধ্যে দূরত্ব তৈরির কূটকৌশল বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে বিএনপির নেতারা কূটকৌশলের আশ্রয় নিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, দুর্নীতির দায়ে বিএনপির চেয়ারপারসনের নিশ্চিত শাস্তির আশঙ্কা থেকেই দলটি এই কূটকৌশলের আশ্রয় নিচ্ছে।

বিএনপির অভিযোগের প্রতিক্রিয়ায় গতকাল মঙ্গলবার রাতে ওবায়দুল কাদের এ কথা বলেন। বিএনপির নেতাদের অভিযোগের জবাব দিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন কাদের।

ওবায়দুল কাদের বলেন, দুর্নীতির দায়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের হাইকোর্টে সাজা হয়েছে। এতিমদের টাকা আত্মসাতের অভিযোগে খালেদা জিয়ার মামলার বিচারকাজ শেষ পর্যায়ে। তাই নিশ্চিত শাস্তির আশঙ্কা থেকেই নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে দূরত্ব সৃষ্টির কৌশল নিয়েছে বিএনপি। তিনি বলেন, বিএনপির নেত্রী একাধিক দুর্নীতির মামলার আসামি হয়ে ১৫০ বার আদালতে অনুপস্থিত থেকে বিচার বিভাগ ও আইন বিভাগের প্রতি ব্যক্তিগত অশ্রদ্ধা ও অসম্মান করেছেন। সেই দল ও দলের নেতাদের মুখে বিচার বিভাগের মর্যাদার কথা শোভা পায় না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী কখনোই বিচার বিভাগের বিরুদ্ধে কোনো মন্তব্য করেননি। দেশের যেকোনো নাগরিক প্রকাশিত রায়ের গঠনমূলক সমালোচনা করতে পারেন। সে কারণে প্রধানমন্ত্রী বিচার বিভাগকে নয়, কেবল একটি রায়ে উল্লেখিত অপ্রাসঙ্গিক এবং অপ্রয়োজনীয় কিছু পর্যবেক্ষণ ও মন্তব্যের বিষয়ে গঠনমূলক কথা বলেছেন।

সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দুর্নীতির মামলায় অভিযুক্ত বিএনপির নেতারা সহানুভূতি ও আনুকূল্য পাওয়ার উদ্দেশ্যে নানা ধরনের মন্তব্য করছেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতারা প্রধান বিচারপতির কুশপুত্তলিকা দাহসহ আদালত প্রাঙ্গণে নানা জঘন্য ঘটনা ঘটিয়েছেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আবদুল মতিন খসরু, মুকুল বোস, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, আবদুস সোবহান, সুজিত রায় নন্দী প্রমুখ।