নির্ভার আওয়ামী লীগ, উচ্ছ্বসিত জোটসঙ্গীরা
>আ.লীগের নেতারা মনে করছেন, নির্বিঘ্নেই মুক্তিযুদ্ধের ভাবাদর্শে বিশ্বাসী নির্বাচন কমিশন গঠন করা গেছে, এটা আ.লীগের রাজনৈতিক অর্জন
নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের পর নির্ভার ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির নেতারা মনে করছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অনেকটা নির্বিঘ্নেই মুক্তিযুদ্ধের ভাবাদর্শে বিশ্বাসী একটা নির্বাচন কমিশন গঠন করা গেছে। এটা আওয়ামী লীগের রাজনৈতিক অর্জন।
দলটি মনে করছে, কমিশন গঠনে যেসব প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে এবং যাঁরা নতুন কমিশনে এসেছেন, তা নিয়ে বিএনপিসহ বিরোধী দলের মাঠ গরম করার সুযোগও কম।
নতুন নির্বাচন কমিশন নিয়ে খুশি আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটও। পাঁচজনের কমিশনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) চারজনই এসেছেন জোটের ছোট কয়েকটি শরিক দলের তালিকা থেকে। ফলে এসব দলের কেউ কেউ উচ্ছ্বসিতও। জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টিও নতুন কমিশনের ওপর আস্থার কথা জানিয়েছে।
দলের দায়িত্বশীল বিভিন্ন সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে জটিল ও কঠিন লক্ষ্য হিসেবে মনে করছে আওয়ামী লীগ। নতুন একটা নির্বাচন কমিশন গঠন এই লক্ষ্য অর্জনের প্রথম ধাপ। দলের নীতিনির্ধারকেরা মনে করেন, নিজেদের জোট ও বিরোধী অনেকের আস্থা নিয়ে প্রথম ধাপ এখন পর্যন্ত নির্বিঘ্নে পাড়ি দেওয়া গেছে। এ নিয়ে সামনেও বড় কোনো চ্যালেঞ্জ আসবে বলে মনে করেন না দলের নীতিনির্ধারকেরা।
গতকাল মঙ্গলবার পর্যন্ত আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে কমিশন নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। দলের নেতারা ব্যক্তিগতভাবে গণমাধ্যমকে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া ও নতুন কমিশন নিয়ে তাঁদের আস্থা ও সন্তুষ্টির কথা জানিয়েছেন। বিএনপি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখে আওয়ামী লীগ প্রতিক্রিয়া জানাতে পারে। সেটা আজ বুধবার হওয়ার সম্ভাবনা আছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল নর্থ সাউথ ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, ‘রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত নিয়েছেন, তার প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। রাষ্ট্রপতিকে অভিনন্দন জানাই। বিএনপি এই নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচনে অংশ নেবে, আমি নিশ্চিত।’ তিনি বলেন, ‘বিএনপি নতুন সিইসিকে জনতার মঞ্চের সংগঠক বলছে। তাহলে কি বিএনপি জনতার বিরুদ্ধে? বিএনপির পুরো লিস্ট ধরে কমিশন গঠন করলেও বলত আমরা মানি না, মানব না।’
সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র জানায়, বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তুলে খুব বেশি এগোতে পারবে না। কারণ, এই জোটের রাজনীতি পরিচালিত হয় খালেদা জিয়াকে কেন্দ্র করে। খালেদা জিয়ার বিরুদ্ধে করা একটি মামলার বিচারকাজ শেষ পর্যায়ে, রায় খুব বেশি দূরে নয়। বিএনপির নজর এখন সেদিকে। রায়ে খালেদা জিয়ার সাজার আদেশ এলে সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে দলটি। তখন নির্বাচন কমিশনের বিষয়টি হারিয়ে যাবে।
আওয়ামী লীগের দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় ক্ষমতাসীন দল নিজেকে খুব সতর্কভাবে যুক্ত রেখেছিল। অনুসন্ধান কমিটির কাছে নাম দেওয়া হয়েছে খুব গোপনীয়ভাবে। দলের শীর্ষ পর্যায়ের দু-একজন বাদে অন্যরা নামের তালিকা সম্পর্কে জানতেনই না। ১৪-দলীয় জোটকেও কমিশন গঠনে খুব সতর্কতার সঙ্গে কাজে লাগানো হয়েছে। জোটের অপেক্ষাকৃত ছোট দলগুলোর সঙ্গে সম্ভাব্য নাম নিয়ে পরামর্শ করেছেন আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা। সিইসিসহ আরও দুজন কমিশনারের নাম তরীকত ফেডারেশনের দেওয়া তালিকায় ছিল। গণতন্ত্রী পার্টির তালিকায় থাকা দুজন ব্যক্তি কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন।
এ বিষয়ে সরকারের শরিক তরীকত ফেডারেশন ও গণতন্ত্রী পার্টির দুজন নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ছোট দল হিসেবে তাঁদের তালিকায় থাকা ব্যক্তিরা কমিশনে নিয়োগ পাওয়ায় তাঁরা সম্মানিত বোধ করছেন। এতে জোটে তাঁদের গুরুত্ব বাড়তে পারে বলে তাঁরা আশা করছেন।
তরীকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়াল প্রথম আলোকে বলেন, ‘একটা ভালো কমিশন হয়েছে। আমরা খুশি, সিইসিসহ নতুন কমিশনের তিনজনই হয়েছে আমাদের তালিকা থেকে।’
১৪ দলের শরিক জাসদের একাংশের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের বলেন, যোগ্য, দক্ষ ও সৎ ব্যক্তিরাই নির্বাচন কমিশনে নিয়োগ পেয়েছেন। তাঁরা নিরপেক্ষ থেকে নির্বাচন পরিচালনা করতে পারবেন। তাঁর মতে, আগামী নির্বাচনে বিএনপির না আসার আর অজুহাত রইল না।
আরেক শরিক ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা প্রথম আলোকে বলেন, ‘এই নির্বাচন কমিশনে প্রশ্নবিদ্ধ কোনো ব্যক্তি নেই। তাঁদের কাজ করার সুযোগ দেওয়া যায়।’
আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, শুরু থেকেই তাঁরা বলে আসছেন যে নির্বাচন কমিশন গঠনের এখতিয়ার পুরোপুরি রাষ্ট্রপতির। তিনি যে সিদ্ধান্ত নেবেন, তাতে আওয়ামী লীগের আস্থা থাকবে। তবে ভেতরে-ভেতরে চাওয়া ছিল মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন এমন লোকদের নিয়ে যেন কমিশন গঠিত হয়। এখন এই কথা বলা যায় যে বর্তমান কমিশনের কেউ মুক্তিযুদ্ধের চেতনার বাইরের নন।
ওই নেতা আরও বলেন, সংবিধানে অনুসন্ধান কমিটি গঠন, রাজনৈতিক দলগুলো থেকে নাম আহ্বান ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময়ের বিষয়টি সংবিধানে না থাকলেও আওয়ামী লীগ তা ভালোভাবে নিয়েছে। তবে ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা কিছু দেশের কূটনীতিকদের রাষ্ট্রপতির সাক্ষাৎ চাওয়ার বিষয়টি ভালোভাবে নেয়নি আওয়ামী লীগ। ওই কূটনীতিকেরা যাতে রাষ্ট্রপতির সাক্ষাৎ না পান, সে বিষয়ে কঠোর ছিল সরকার।