নির্ভয়ে ভোটদানের পরিবেশ এখন ইতিহাসের পাতায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে বিভিন্ন জায়গায় কেন্দ্র দখল ও সন্ত্রাসের অভিযোগ করে বিএনপি বলেছে, এই ইউপি নির্বাচন নিয়ে নতুন করে কিছু বলার নেই।
গতকাল শনিবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কথা বলেন। তিনি দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনের পরিস্থিতি তুলে ধরে বলেন, অনেক জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা আওয়ামী লীগের ক্যাডারের মতো আচরণ করেছেন।
রিজভী বলেন, ‘বরাবরের মতো আজকেও (গতকাল) ইউপি নির্বাচনকে কেন্দ্র করে গতকাল (শুক্রবার) থেকেই উদ্বেগ-উৎকণ্ঠা, আশঙ্কা পুরো মাত্রায় বিরাজমান। সরকারি দলের ক্যাডারদের রক্তাক্ত সহিংসতা, অনিয়ন্ত্রিত উচ্ছৃঙ্খলতা এই দফাতেও সমানে চলেছে। এ দেশের সাধারণ মানুষ সন্ত্রস্ত হয়ে পড়েছে তাদের মতদানের প্রশ্নে। ভোটারদের নিজের ভোটটি নির্ভয়ে-নির্বিঘ্নে-নির্ঝঞ্ঝাটে দেওয়ার পরিবেশ এখন ইতিহাসের পাতায় চলে গেছে।’
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হারুন উর রশিদ, সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।