নির্ভয়ে মতপ্রকাশের সুযোগ থাকতে হবে: বিএনপি

‘আমরা বলেছি, দেশের মানুষের নির্ভয়ে, নিরপেক্ষভাবে মতপ্রকাশ করার সুযোগ থাকতে হবে।’ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক বিষয়ক হবু আন্ডার সেক্রেটারি টম শেননের সাক্ষাৎ প্রসঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান এ কথা বলেন। আজ সোমবার বেলা ১১টায় একটি প্রতিনিধিদল নিয়ে শেনন খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশানের বাসভবনে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎ শেষে বিএনপির পক্ষ থেকে সাংবাদিকদের ব্রিফিং করেন আবদুল মঈন খান। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সাক্ষাতের বিষয় নিয়ে সাংবাদিকদের কিছু জানানো হয়নি।
সাংবাদিকদের মঈন খান বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের বলেছি, এটা বলার অপেক্ষা রাখে না আজকের বিশ্বে মানবাধিকার রক্ষা তথা গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখা ছাড়া অন্য কোনো পদ্ধতি গ্রহণযোগ্য হতে পারে না। আমরা বলেছি, বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী, গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষমতায় হস্তান্তরে বিশ্বাসী।’