নির্যাতনের কারণে কোকোর মৃত্যু : মোশাররফ
এক-এগারোর সময় নির্যাতনের কারণে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যু হয়েছে বলে মনে করেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
আজ শুক্রবার কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে মোশাররফ এ কথা বলেন। বাদ আসর দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপি ওই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।
খন্দকার মোশাররফ বলেন, এক–এগারোর সময় খালেদা জিয়া, তারেক রহমানের পাশাপাশি আরাফাত রহমান কোকোও রক্ষা পাননি। তিনি অসুস্থ ছিলেন। তারপরও তাঁর ওপর নির্যাতন চালানো হয়েছে। নির্যাতনের কারণে কোকো আরও অসুস্থ হয়ে পড়েন। পরে মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নির্যাতনের কারণেই তাঁকে হারাতে হয়েছে।
কোকোর জানাজায় বিপুলসংখ্যক মানুষের অংশ নেওয়ার কথা উল্লেখ করে মোশাররফ বলেন, এত বড় জানাজা প্রমাণ করে দেশের মানুষ জিয়া পরিবারকে কত ভালোবাসে। খালেদা জিয়ার এক ছেলে মারা গেলেও লক্ষ-কোটি ছেলে এখনো রয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আরাফাত রহমান কোকোর জানাজা ছিল ঐতিহাসিক। কোকো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। দেশের উন্নয়নে জিয়াউর রহমানের অবদান এবং গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই জিয়া পরিবার এই ভালোবাসা পেয়েছে।
দলের নতুন কমিটি গঠনের পর যেসব নেতা মনঃক্ষুণ্ন হয়েছেন, তাঁদের আরও ধৈর্য ধরার পরামর্শ দেন গয়েশ্বর। তিনি বলেন, যথাসময়ে তাঁদের মূল্যায়ন করা হবে।
দোয়া মাহফিলে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ উপস্থিত ছিলেন।