নিশা দুআনার মন্ত্রী হলে আপনি এক পয়সারও না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ ও মধ্য এশিয়া-বিষয়ক যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাইকে নিয়ে করা মন্তব্যর জন্য স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের কড়া সমালোচনা করেছেন সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। তিনি সৈয়দ আশরাফকে উদ্দেশ করে বলেন, ‘আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতায়, অনির্বাচিত, একটি অবৈধ সরকারের মন্ত্রী। এর পরও এত বড় বড় কথা বলেন। নিশা দেশাই দুআনা-চার আনার মন্ত্রী হলে আপনি তো এক পয়সার মন্ত্রীও না।’

আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় জয়নুল আবদিন এসব কথা বলেন।
গত শনিবার খুলনা সার্কিট হাউস ময়দানে মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে নিশা দেশাই বিসওয়ালকে ‘দুই আনার মন্ত্রী’ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। 
খালেদা জিয়ার সঙ্গে মার্কিন মন্ত্রীর বৈঠকের বিষয়ে সৈয়দ আশরাফ বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের দুই আনা মন্ত্রী, চার আনাও না, এক মন্ত্রী আছে নিশা দেশাই। ভারতীয় বংশোদ্ভূত, যদিও সে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। তার সঙ্গে দুই-দুইবার বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে টেলিভিশনে দেখে মনে হইল যে আপনার, ২২/২৩ বছরের মেয়ের সামনে বেগম খালেদা জিয়া একদম শিশু। হাত পেতে বসে আছেন, বাংলাদেশের ক্ষমতাটা যাতে এই মিস দেশাই বেগম খালেদা জিয়ার হাতে তুলে দেবেন।’
‘আগে উন্নয়ন, পরে গণতন্ত্র’ আওয়ামী লীগের নেতাদের সাম্প্রতিক এমন বক্তব্য উদ্ধৃত করে অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আওয়ামী লীগের অনেক নেতা এখন বলতে শুরু করেছেন, বাংলাদেশে প্রচলিত গণতন্ত্রের প্রয়োজন নেই। নিয়ন্ত্রিত গণতন্ত্র অর্থাৎ তাঁরা যতটুকু দেবেন, ততটুকু। এ ক্ষেত্রে তাঁদের কেউ কেউ মালয়েশিয়ার কথাও বলছেন।’

এ প্রসঙ্গে ফখরুল ইতিহাসের আলোকপাত করে বলেন, ১৯৪৬ সালে এ ভূখণ্ডের মানুষ পাকিস্তানকে সমর্থন দেয়। আবার তাঁরাই ১৯৫৪ সালে পাকিস্তান আন্দোলনে নেতৃত্বদানকারী মুসলিম লীগকে পুরোপুরি বর্জন করে। আবার এ অঞ্চলের মানুষই স্বাধিকারের প্রশ্নে ১৯৭০ সালের নির্বাচনে পাকিস্তানকে বর্জন করে। এরপর ’৭১–এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি স্বাধীন দেশ পেল। সুতরাং এ দেশের মানুষের কাছে নিয়ন্ত্রিত গণতন্ত্র বলতে কিছু নেই।

লড়াইয়ে সময় লাগতে পারে, আন্দোলন সফল হবেই
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই চলছে, এ লড়াইয়ে সময় লাগতে পারে। কিন্তু এ আন্দোলন সফল হবেই।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমরা যে সময়টা পার করছি, তা খুবই সংকটময় এবং গুরুত্বপূর্ণ। যেখানে ভোটের অধিকার, মানুষের বেঁচে থাকার অধিকার আদায়ের সংগ্রাম চলছে। এ সংগ্রাম ব্যর্থ হলে এ রাষ্ট্র টিকবে না। বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে।’ বাংলাদেশের মানুষ তা হতে দেবে না বলে মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বলেন, ‘জয় বাংলা না বললে এ দেশে থাকা যাবে না, এটা কোনো রাজনৈতিক দলের নেতার বক্তব্য হতে পারে না। তিনি সামন্ততান্ত্রিক প্রভুদের মতো কথা বলছেন। সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের নেতাদের সবার ভাষাও একই রকম অহমিকা, আত্মম্ভরিতা ও দাম্ভিকতাপূর্ণ। তিনি ৫ জানুয়ারির নির্বাচনকে ‘খেলার’ সঙ্গে তুলনা করার সমালোচনা করে বলেন, নির্বাচন কখনো ফাঁকা মাঠে গোল দেওয়ার বিষয় নয়। দেশের জনগণের ভবিষ্যৎকে খেলার সঙ্গে তুলনা করে আওয়ামী লীগের নেতারা নিচু মানসিকতার পরিচয় দিয়েছেন মন্তব্য করে ফখরুল।

বাংলাদেশ ডেমোক্রেটিক ফোরাম নামের একটি সংগঠন ‘উন্নয়নের পূর্বশর্ত গ্রহণযোগ্য নির্বাচন’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে। এতে আরও বক্তব্য দেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী, নেজামে ইসলাম পার্টির সভাপতি আবদুর রকিব, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নবীউল্লাহ প্রমুখ। এতে সভাপতিত্ব করে সংগঠনের সভাপতি এইচ এম হারিছুল হক।