নিষেধাজ্ঞা অমান্য করে ছাত্রলীগ নেতার মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেল নিয়ে মহড়া দিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি রাশেদুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই মহড়ায় অংশ নেওয়া বেশির ভাগই বহিরাগত বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাশেদুল ইসলামের নেতৃত্বে দুপুরে ৩০-৩৫টি মোটরসাইকেলযোগে ক্যাম্পাসের পুরোনো ফোকলোর চত্বর থেকে মহড়ায় বের করা হয়। তাঁরা ক্যাম্পাসের বিভিন্ন সড়কে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে ও উচ্চ শব্দে হর্ন বাজিয়ে মহড়া দেন। এ সময় একাডেমিক ভবনগুলোয় বিভিন্ন বিভাগে ক্লাস-পরীক্ষা চলছিল। মহড়া শেষে তাঁরা একে একে ক্যাম্পাস ত্যাগ করেন।
রাশেদুল ইসলাম দাবি করেন, অনেক আগেই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। নেতা-কর্মীরা এখন নতুন নেতৃত্ব দেখতে চান। ছাত্রলীগের কাউন্সিলকে সামনে রেখে প্রস্তুতি হিসেবে এ মহড়া দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাধিক নেতার দাবি, মহড়ায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রথম সারির কোনো নেতাই উপস্থিত ছিলেন না। তবে রাশেদুল ইসলাম দাবি করেন, মহড়ায় বর্তমান কমিটির বেশ কয়েকজন পদধারী নেতা ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান বলেন, ‘ক্যাম্পাসে বাইরে থেকে লোক এসেছে—এমন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি পুলিশকে বহিরাগত লোকদের আটক করতে নির্দেশ দিই। তবে পুলিশ তাঁদের গ্রেপ্তার না করে তখনই ক্যাম্পাস থেকে বের করে দেয়।’ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালেদ হাসান বলেন, ‘ছাত্রলীগের কোনো কর্মসূচি ছিল না। কেউ ব্যক্তিগতভাবে মহড়া দিলে আমাদের কিছু করার নেই।’
চলতি বছরের ৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বৈঠকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের মিটিং-মিছিল, সভা-সমাবেশ, মাইকিং নিষিদ্ধ করা হয়।