বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের পূর্বঘোষিত জনসভা। ৫ জানুয়ারি থেকে রাজধানীতে সভা-সমাবেশের ওপর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিষেধাজ্ঞা থাকলেও দলীয় নেতারা অনুমতি পাওয়ার ব্যাপারে আশাবাদী।
তবে গতকাল রাত পর্যন্ত ডিএমপি সমাবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি। এই পরিস্থিতির মধ্যেই আজকের সমাবেশ সফল করার সব রকম প্রস্তুতি নিয়েছে দলটি।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রথম আলোকে বলেন, অনুমতি নিয়েই আওয়ামী লীগ সমাবেশ করবে। বেআইনি কিছু করা হবে না। তিনি অনুমতি পাওয়ার ব্যাপারে আশাবাদী।
এ বিষয়ে গতকাল রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো.¯আছাদুজ্জামান মিয়া প্রথম আলোকে বলেন, ‘এখন পর্যন্ত অনুমতি দেওয়া বা না দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্তই হয়নি। ইজতেমা এবং সকালে সড়ক দুর্ঘটনায় দুজন নারী পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় আমি সারা দিনই বাইরে ছিলাম। অফিসে বসতে পারিনি। আজ (গতকাল রোববার) এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’ সিদ্ধান্ত ইতিবাচক হবে ইঙ্গিত দিয়ে কমিশনার বলেন, ‘যেহেতু আওয়ামী লীগের সমাবেশ, মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন। তা ছাড়া আওয়ামী লীগ বলেছে, ডিএমপির অনুমতি ছাড়া তারা সমাবেশ করবে না। সব মিলিয়ে আমাদের অনুমতি দেওয়ার চিন্তা-ভাবনা রয়েছে। তবে আমরা এখনো আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করিনি। আওয়ামী লীগের সমাবেশ বিকেলে। আমরা আগামীকাল (আজ) সকালে সিদ্ধান্ত নিয়ে আনুষ্ঠানিকভাবে জানাব।’
৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ডিএমপি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে। এখনো সেই নিষেধাজ্ঞা বহাল আছে।
আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা জানান, বিএনপি কোনো ঘোষণা না দিয়ে সমাবেশ করার কৌশল নিয়েছে বলে সরকারের কাছে খবর আছে। জাতীয় প্রেসক্লাবে অবস্থান নিয়ে তাদের সচিবালয়কে ঘিরে নাশকতার পরিকল্পনা আছে। তাই বিএনপির পদক্ষেপের প্রতি নজর রেখেই আওয়ামী লীগের কৌশল নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন তাঁরা।
জনসভার প্রস্তুতি হিসেবে গতকাল ঢাকা মহানগর আওয়ামী লীগ বর্ধিত সভা করেছে। সভায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া দলীয় নেতাদের উদ্দেশে বলেন, ‘আওয়ামী লীগের মহাসমাবেশ হবে ঐতিহাসিক। সবাই হাতি-ঘোড়া, বাঘ-ভাল্লুক নিয়ে আসবেন। আর নেত্রীর বক্তব্য শেষ না হলে কেউ উঠবেন না।’
সমাবেশ সফল করতে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগ ঢাকার পার্শ্ববর্তী জেলার নেতাদের নিয়ে বৈঠক করেছে। নির্বাচনের বর্ষপূর্তির সমাবেশ করতে না পারায় আজকে বড় রকমের লোকসমাগম করতে চায় দলটি।
গতকাল বিকেলে সমাবেশস্থল পরিদর্শন করেন আওয়ামী লীগের নেতারা।