নিষেধাজ্ঞার মধ্যেই নারায়ণগঞ্জে আ.লীগের সাংগঠনিক সম্পাদক
নিষেধাজ্ঞা উপেক্ষা করে নির্বাচনের আগের দিন আজ বুধবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় আসেন আওয়ামী লীগের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল। সকালের দিকে তিনি নারায়ণগঞ্জে কিছু সময়ের জন্য এসে আবার ঢাকায় ফিরে যান।
একাধিক সূত্র এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। স্থানীয় আওয়ামী লীগের নেতারাও নওফেলের আসার কথা নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে জানতে চাইলে মুহিবুল হাসান প্রথম আলোর কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।
৬ ডিসেম্বর নির্বাচন কমিশনের জারি করা পরিপত্রে বলা হয়েছে, এলাকার ভোটার নন বা বাসিন্দা নন, এমন ব্যক্তিরা ১৯ ডিসেম্বর রাত ১২টার পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় আসতে পারবেন না। এ কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ প্রচার-প্রচারণায় আসতে পারেননি। নওফেলের বাড়ি চট্টগ্রামে। তিনি চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর ছেলে।
সূত্র জানায়, মহিবুল নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পক্ষে গঠন করা কেন্দ্রীয় নির্বাচন সমন্বয় কমিটির সদস্য। ভোটের প্রচারণার সময় প্রায় প্রতিদিনই তিনি নারায়ণগঞ্জে আসেন।
আওয়ামী লীগ সূত্র জানায়, নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্থানীয় নেতাদের ভূমিকা কেমন, সেটা পর্যবেক্ষণ করার জন্য তিনি নারায়ণগঞ্জে আসেন।
অবশ্য নওফেলের একজন ঘনিষ্ঠজন জানিয়েছেন, দলীয় বা বহিরাগত পরিচয়ে তিনি আসেননি। নওফেল বিজয় টেলিভিশনের চেয়ারম্যান। এ কারণে তিনি নারায়ণগঞ্জে যাওয়ার অধিকার রাখেন।