দলের নিষ্ক্রিয় নেতাদের তালিকা তৈরি করে দলীয় শেখ হাসিনার কাছে জমা দেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। গতকাল শনিবার সকালে নগরের আলমাস সিনেমা হল-সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এক স্মরণসভায় মেয়র এই সতর্কবাণী উচ্চারণ করেন।
চট্টগ্রামের আওয়ামী লীগের অন্যতম নেতা এবং বঙ্গবন্ধু সরকারের মন্ত্রী জহুর আহমদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগর আওয়ামী লীগ গতকাল এই স্মরণসভার আয়োজন করে। নগর আওয়ামী লীগের সহসভাপতি নঈমউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সহসভাপতি খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক নোমান আল মাহমুদ, এম এ রশিদ, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর প্রমুখ।
স্মরণসভায় মেয়র নাছির বলেন, ‘যাঁরা নিষ্ক্রিয় হয়ে গেছেন তাঁদের তালিকা তৈরি করে নগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর আমরা নিষ্ক্রিয় নেতাদের তালিকা প্রধানমন্ত্রীর কাছে দেব।’
বক্তারা এ বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে এবং মুক্তিযুদ্ধের পর দেশ গঠনে জহুর আহমদ চৌধুরীর অবদানের ভূয়সী প্রশংসা করেন।
শারীরিক অসুস্থতার কারণে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী গতকাল স্মরণসভায় উপস্থিত হতে পারেননি।