নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করুন: কাদের
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সদস্যদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শনিবার বিকেলে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দিয়ে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
ওবায়দুল কাদের বিবৃতিতে বলেন, ‘আশা করি, কমিটির সব কর্মকর্তা ও সদস্য নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন এবং সবার সমবেত প্রচেষ্টায় আওয়ামী লীগকে আরও সুদৃঢ় ও সুসংগঠিত শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে সক্ষম হবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে ক্ষুধা, দারিদ্র্য, শোষণ, বঞ্চনা ও দুর্নীতিমুক্ত একটি উন্নত-সমৃদ্ধ-আধুনিক রাষ্ট্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার সংগ্রামে জনগণকে সম্পৃক্ত করবেন। তাদের সংগঠিত করতে এই কমিটি যথাযোগ্য ভূমিকা পালন করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।’