নিস্তব্ধ রংপুর, টহলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা
চেনা শহর একেবারে যেন নিস্তব্ধ হয়ে পড়েছে। নেই প্রচার প্রচারণা। সেই সঙ্গে নেই মাইকের শব্দও। নেই প্রতীকের স্লোগানও। শুধু নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল। রাত পোহালেই নির্বাচন।
কাল বৃহস্পতিবার দ্বিতীয়বারের মতো রংপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এবারই প্রথম দলীয় প্রতীকে নির্বাচন। এ নির্বাচনে সাতজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এঁরা হলেন আওয়ামী লীগের সরফুদ্দীন আহমেদ, জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান, বিএনপির কাওছার জামান, বাসদের আবদুল কুদ্দুস, ইসলামী আন্দোলনের এ টি এম গোলাম মোস্তফা, ন্যাশনাল পিপলস পার্টির সেলিম আখতার, স্বতন্ত্র হোসেন মকবুল শাহরিয়ার। এ ছাড়া ৩৩টি ওয়ার্ডে ২১১ জন সাধারণ কাউন্সিল ও সংরক্ষিত ১১টি ওয়ার্ডে ৬৫ জন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ গত সোমবার রংপুরে এলেও তিনি তাঁর নিজ বাড়ি পল্লিনিবাস থেকে বের হননি। তিনি সংসদ হওয়ায় প্রার্থীর পক্ষে প্রচারণায় নামতে পারবেন না বলে বাড়িতে থেকেছেন। কাল তিনি সেনপাড়া সিটি করপোরেশন উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। সাংবাদিকেরা তাঁর বাড়িতে ছুটে গেছেন। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি আশা করছি সুষ্ঠুভাবে নির্বাচন হবে। এখানকার মানুষ শান্তিপ্রিয়।’
এরশাদের ছোট ভাই দলের কো-চেয়ারম্যান জি এম কাদেরও রংপুরে অবস্থান করছেন।
রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ অনুকূলে রয়েছে। আশা করছি, শান্তিপূর্ণ পরিবেশেই ভোট গ্রহণ সম্পন্ন হবে। তবে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হবে।
নিরাপত্তাব্যবস্থা
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, শহরের রাস্তায় বিজিবির টহল শুরু হয়েছে। গতকাল মধ্যরাত থেকে সব ধরনের নির্বাচনী প্রচারণা বন্ধ হয়েছে। সেই সঙ্গে মহাসড়ক ছাড়া শহরে ভারি যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
আজ বুধবার থেকে ৩৩টি ওয়ার্ডে ৩৩ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৩৩টি ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শুরু হচ্ছে। এ ছাড়া ১১টি ভ্রাম্যমাণ আদালত আলাদাভাবে মাঠে টহলে রয়েছে।
এ ছাড়া ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের-বিজিবি রয়েছে। প্রতি প্লাটুনে ৩০ জন করে ফোর্স রয়েছে। ৩৩ ওয়ার্ডে ৩৩টি র্যাবের টিম রয়েছে। এ ছাড়া র্যাবের দুটি টিম রিজার্ভ টিম থাকছে।
প্রতিটি কেন্দ্রে ২২ জন করে পুলিশ ও আনসারের ফোর্স থাকছে। তবে ১৯৩টি কেন্দ্রের মধ্যে ১২৮টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ২৪ জন করে ফোর্স থাকছে। সব মিলে ফোর্স থাকছে ৫ হাজার ৫৫০ জন।
নিয়োজিত কর্মকর্তা
নির্বাচনে ১৯৩টি কেন্দ্রে ১৯৩ জন প্রিসাইডিং কর্মকর্তা, ১ হাজার ১১২ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তা ২ হাজার ২৮৮ জনসহ মোট ৩ হাজার ৬০৩ জন কর্মকর্তা নিয়োজিত থাকছেন।
একটি কেন্দ্রে ইভিএম ও ৩টি কেন্দ্রে সিসিটিভির আওতায়
২৫ নম্বর ওয়ার্ডের সরকারি বেগম রোকেয়া কলেজ কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং এই একই কেন্দ্রসহ ২০ নম্বর ওয়ার্ডে সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও ২৪ নম্বর ওয়ার্ডে লায়ন্স স্কুল ও কলেজকেন্দ্রসহ তিনটি কেন্দ্রে সিসিটিভির আওতায় রয়েছে।