নিয়ম বদলে যাওয়া সম্মেলনে সভাপতি গোলাম ফারুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে গোলাম ফারুককে (পিংকু) সভাপতি ও নুরউদ্দিন চৌধুরীকে (নয়ন) সাধারণ সম্পাদক করে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। সভাপতি ও সম্পাদক পদপ্রার্থীদের সঙ্গে আলোচনা করে এ দুজনকে সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ। গতকাল মঙ্গলবার লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি হতে চেয়েছিলেন সেখানকার বহুল আলোচিত আওয়ামী লীগের নেতা ও পৌর মেয়র আবু তাহের। এ জন্য বদলে যায় সম্মেলনের নিয়মকানুনও। সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের লাখ টাকায় ‘মনোনয়নপত্র’ কিনতে হয়। যদিও প্রাথীদের কাছ থেকে ‘সম্মেলন খরচ’ হিসেবে এ টাকা নেওয়া হয়েছে।
আবু তাহের ছাড়া সভাপতি পদে আরও পাঁচজন প্রার্থী ছিলেন। আর সাধারণ সম্পাদক পদে প্রার্থী হন সাতজন।
দলীয় সূত্র জানায়, জেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় আবু তাহের প্রস্তাব করেন, যাঁরা সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রাথী হবেন তাদের প্রত্যেককে ১০-১৫ লাখ টাকা করে দিতে হবে। সে টাকায় মেটানো হবে ‘সম্মেলনের খরচ’। কিন্তু ওই সভায় উপস্থিত দলীয় অন্য নেতাদের বিরোধিতার মুখে শেষ পর্যন্ত তা এক লাখ টাকা নির্ধারিত হয়।
নিয়ম অনুযায়ী, সম্মেলনের সময় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বৈধ কাউন্সিলরদের মধ্য থেকে কোনো একজনের নাম প্রস্তাব করা হবে। আরেকজন বৈধ কাউন্সিলর তাঁকে সমর্থন করবেন। একই পদে একাধিক প্রার্থীর নাম প্রস্তাব করা হলে সে ক্ষেত্রে ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হবেন। আগে থেকে মনোনয়নের কিছু নেই।
সম্মেলনকে কেন্দ্র করে জেলা কমিটির সভাপতি এম আলাউদ্দিনের (বর্তমানে সাবেক সভাপতি) বাসার সামনে ক্লোজড সার্কিট ক্যামেরা বসানো হয়। এম আলাউদ্দিন সভাপতি পদে আবু তাহেরের প্রতিদ্বন্দ্বী ছিলেন। তাই কাউন্সিলররা যাতে তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পারেন সে জন্য তাহেরের ছেলে ও লক্ষ্মীপুর সদর উপজেলার চেয়ারম্যান সালাহউদ্দিন টিপু এবং ছোট ছেলে শাহদাত হোসেন এ কাজ করেছেন বলে আলাউদ্দিন অভিযোগ করেন। তাহেরের ছেলেরা অভিযোগ অস্বীকার করেছেন।