নিয়ম মেনে ফাইনাল খেলতে নামুন: বিএনপিকে দীপু মনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপু মনি। প্রথম আলো ফাইল ছবি
দীপু মনি। প্রথম আলো ফাইল ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ খালি মাঠে গোল দেবে না বলে জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি। তিনি বলেন, ‘আমরা খালি মাঠে গোল দিতে চাই না। খেলার নিয়ম ও আইনকানুন মেনেই খেলায় অংশ নেব।’
আজ শুক্রবার দুপুরে চাঁদপুরে স্থানীয় সাংবাদিকদের দীপু মনি এসব কথা বলেন।
দীপু মনি বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন, ‘রাজনীতির নামে অপরাজনীতি, মানুষ হত্যা, ষড়যন্ত্র, জ্বালাও-পোড়াও, নাশকতা, দেশ ধ্বংস করা—এগুলো দিয়ে আর যাই হোক মানুষের কল্যাণ হয় না। রাজনীতি করতে চাইলে মানুষের কল্যাণে আসুন। নিয়ম মেনে ফাইনাল খেলতে মাঠে নামুন।’
এর আগে তিনি চাঁদপুর শহরের পালবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে সরকারের দেওয়া অনুদান সরবরাহ করেন। জেলা প্রশাসকের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ওই অনুদান দেয়। এতে ক্ষতিগ্রস্ত ২৯ ব্যবসায়ীর মধ্যে ২৭ জনকে দুই বান্ডিল ঢেউটিন ও নগদ ছয় হাজার টাকা এবং বাকি দুজনকে এক বান্ডিল করে ঢেউটিন ও নগদ তিন হাজার টাকা দেওয়া হয়। পরে বাংলাদেশ হরিজন সমাজকল্যাণ সংগঠনের নবনির্বাচিত কমিটির আলোচনা সভায় অংশ নেন দীপু মনি।