নিয়মতান্ত্রিক রাজনীতিতে মুক্তির পথ চেয়েছেন বঙ্গবন্ধু

অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, নিয়মতান্ত্রিক রাজনীতির মধ্য দিয়ে সব সময় বাঙালি জাতির সার্বিক মুক্তির পথকে প্রশস্ত করতে চেয়েছেন বঙ্গবন্ধু। বস্তুত ৭ই মার্চের ভাষণেই ব্যক্ত ছিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। ২৬শে মার্চে তিনি যে স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তার ঐতিহাসিক প্রমাণাদি উপস্থিত থাকা সত্ত্বেও যাঁরা তা মানতে চায় না তাঁরা ইতিহাসের সত্যকেই অস্বীকার করে।
আজ শনিবার বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলা একাডেমি আয়োজিত একক বক্তৃতায় ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান এসব কথা বলেন। একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বঙ্গবন্ধু স্মরণে এ একক বক্তৃতা অনুষ্ঠিত হয়। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে একাডেমির পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার আজ ছিল প্রথম দিন।
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্য দিয়েই বঙ্গবন্ধুর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন সম্ভব হবে। ঘাতকের গুলিতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা যেমন আঘাতপ্রাপ্ত হয় তেমনি পরিত্যক্ত হয় ধর্মনিরপেক্ষ বাংলাদেশ রাষ্ট্রের মূলনীতিসমূহ।
বঙ্গবন্ধু এবং ১৫ই আগস্টের শহিদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন এবং শিল্পী পাপিয়া সারোয়ারের কণ্ঠে ‘আছে দুঃখ, আছে মৃত্যু’ সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা একাডেমির উপপরিচালক শাহাদাৎ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর অবর্তমানে তাঁর চেতনা পথেই আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার পাশাপাশি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের দেশি-বিদেশি ষড়যন্ত্রের উন্মোচনে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিশন গঠন করা সময়ের দাবি।’