নীতিমালার মাধ্যমে গণমাধ্যমের অধিকার হরণ নয়: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সম্প্রচার নীতিমালার মাধ্যমে গণমাধ্যমের অধিকার হরণ না করার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, ‘এটা একটা স্পর্শকাতর বিষয়।এই নীতি প্রণয়ন, কার্যকারিতা ও বাস্তবায়নে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। এটা আমাদের মৌলিক অধিকার।তবে এর মাধ্যমে যাতে গণমাধ্যমের অধিকার হরণ না হয়, সেদিকে নজর দিতে হবে।’
গতকাল সোমবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক স্মরণসভায় সুরঞ্জিত সরকারকে এই পরামর্শ দেন।
শেখ কামালের জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমী এই স্মরণসভার আয়োজন করে।
আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, ‘সাংবাদিকতার নামে যে হলুদ সাংবাদিকতা হয়, এর দিকেও আমাদের দৃষ্টি রাখতে হবে। রাত ১২টার পরে দেখা যায়, বাংলাদেশ আর বাংলাদেশ নেই। যে যার মতো ইচ্ছা করতে থাকে, বলতে থাকে। বিবেক ও চিন্তার স্বাধীনতা থাকবে। কিন্তু এগুলো সাংবিধানিকভাবে আইন দ্বারা নিয়ন্ত্রিত হতে হবে।’ তিনি মনে করেন, জাতীয় সম্প্রচার নীতিমালা গণতান্ত্রিক ও আধুনিক সমৃদ্ধশালী বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।