নীলফামারী জাপার পাল্টাপাল্টি সভা পরে সমঝোতা
নীলফামারীতে জাতীয় পার্টির (জাপা) জেলা সম্মেলন সামনে রেখে গতকাল মঙ্গলবার দুই পক্ষ পাল্টাপাল্টি সভা ডাকে। পরে সমঝোতা হয়। সংঘাত এড়াতে গতকাল দলীয় কার্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, পক্ষ দুটির মধ্যে একটির নেতৃত্ব দিচ্ছেন জেলা জাতীয় পার্টির জ্যেষ্ঠ আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলী। অপর পক্ষের নেতৃত্বে আছেন জেলা জাতীয় পার্টির সদস্যসচিব সাজ্জাদ পারভেজ।
সাজ্জাদ পারভেজ গতকাল বেলা তিনটার দিকে ওই কার্যালয়ে যোগদান ও বর্ধিত সভা আহ্বান করেন। একই দিন বেলা দুইটায় জেলা ছাত্রসমাজের আহ্বায়ক আবদুল হান্নান একই স্থানে কর্মিসভার আহ্বান করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
এ প্রেক্ষাপটে গত সোমবার রাতে পুলিশ দুই পক্ষকে ডেকে সমঝোতার মাধ্যমে মঙ্গলবারের সভা দুটি বাতিল করে। জেলা জাতীয় পার্টি আজ বুধবার এবং জাতীয় ছাত্রসমাজ আগামীকাল বৃহস্পতিবার সভা করার ব্যাপারে সম্মত হয়।
জ্যেষ্ঠ আহ্বায়ক মাহবুব আলী ও সদস্যসচিব সাজ্জাদ পারভেজ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।