নীলফামারীতে আ.লীগের দুটি পক্ষের পৃথক কর্মসূচি
নীলফামারীতে গতকাল শনিবার আওয়ামী লীগের দুটি পক্ষ পৃথক কর্মসূচির মাধ্যমে গণহত্যা দিবস পালন করেছে। এক পক্ষের নেতৃত্বে ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ। অন্য পক্ষে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক।
দুপুরে দেওয়ান কামাল আহমেদের নেতৃত্বে শহরের চৌরঙ্গী মোড়ে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি শোক শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নীলফামারী সরকারি কলেজ চত্বরে এটি শেষ হয়। পরে সেখানে বধ্যভূমিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় বক্তব্য দেন দেওয়ান কামাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশীদ, জেলা যুব মহিলা লীগের সভাপতি আরিফা সুলতানা প্রমুখ।
এদিকে বিকেলে মমতাজুল হকের সভাপতিত্বে দলীয় কার্যালয়ের সামনে চৌরঙ্গী মোড়ে সমাবেশ হয়। সেখানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম প্রমুখ। পরে সন্ধ্যায় মোমবাতি প্রজ্বালন করে শোক শোভাযাত্রা বের করা হয়।
জেলা পরিষদ নির্বাচনে দেওয়ান কামাল আহমেদ দলীয় প্রার্থী মমতাজুল হকের পক্ষ অবলম্বন না করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীনকে সমর্থন করেন বলে অভিযোগ উঠেছিল। তখন থেকে জেলা আওয়ামী লীগের বিভক্তি প্রকাশ্য রূপ নেয়। ওই নির্বাচনে জয়নাল আবেদীন জয়ী হন।