নীলফামারীতে খালেদা জিয়ার জনসভা ২৩ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩ অক্টোবর নীলফামারী হাইস্কুল মাঠে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জনসভা অনুষ্ঠিত হবে। এ জনসভায় ১০ লাখ মানুষের সমাগম ঘটবে বলে দলটির নেতারা দাবি করেছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে নীলফামারী শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ওই দাবি করা হয়।
বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু সংবাদ সম্মেলনে বলেন, ২৩ অক্টোবর জনসভা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ১৫টি উপকমিটি দায়িত্ব পালন করছে। হাইস্কুল মাঠের জনসভায় পাঁচ লাখ এবং মাঠের বাইরে পাঁচ লাখ মানুষের সমাগম ঘটবে। এ জন্য সভাস্থলে ও শহরের বিভিন্ন প্রান্তে ২২৫টি মাইক ব্যবহার করা হবে।
জেলা বিএনপির আহ্বায়ক আনিছুল আরেফিন চৌধুরীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদস্যসচিব সামসুজ্জামান, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য রীনা পারভীন, সাবেক সাংসদ বিলকিস ইসলাম, রংপুর মহানগর বিএনপির সভাপতি মোজাহারুল হোসেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য রেদওয়ানুল হক, কেন্দ্রীয় ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক প্রমুখ।