নীলফামারীতে জাতীয় পার্টির কমিটি ঘোষণা
নীলফামারী জেলা জাতীয় পার্টির (এ) ১২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। সাবেক সাংসদ জাফর ইকবাল সিদ্দিকীকে সভাপতি ও বিরোধীদলীয় হুইপ নীলফামারী-৪ আসনের সাংসদ শওকত চৌধুরীকে সাধারণ সম্পাদক করে গতকাল বুধবার পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ স্বাক্ষরিত ওই কমিটি ঘোষণা করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, ১২১ সদস্যের ওই কমিটিতে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহসম্পাদক ও যুগ্ম সম্পাদক পদে ৬৪ জন ও সাধারণ সদস্য পদে ৫৭ জন রয়েছেন।
কমিটিতে গুরুত্বপূর্ণ পদের মধ্যে সাহজাহান চৌধুরী সাংগঠনিক সম্পাদক, শাহাদাৎ হোসেন অর্থ সম্পাদক, আবদুল হান্নান প্রচার সম্পাদক, শহিদুল ইসলাম দপ্তর সম্পাদক, আবদুল গফুর কৃষিবিষয়ক সম্পাদক, বজলার রহমান শ্রম সম্পাদক, আশরাফ আলী তথ্য ও গবেষণা সম্পাদক, আবদুল জব্বার মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক, মোছা. পুন্নি মহিলাবিষয়ক সম্পাদিকা ও মতিউল ইসলাম যুববিষয়ক সম্পাদক।
জেলা জাতীয় পার্টির নবঘোষিত কমিটির সহসভাপতি মাহাবুব আলী গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ৬ মার্চ জেলা জাতীয় পার্টির কাউন্সিল হয়। ওই কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সে সময় তিনি সভাপতি, সাধারণ সম্পাদক, একজন সহসাধারণ সম্পাদক ও একজন সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে ১২১ সদস্যের ওই কমিটির নামের তালিকা প্রদান করা হলে মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার গত মঙ্গলবার তা অনুমোদনের জন্য সুপারিশ করেন। পরে গতকাল পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তা অনুমোদন দেন।