নীলফামারী জেলা জাতীয় পার্টির দুটি পক্ষই ভিন্ন ভিন্ন জায়গায় ‘সম্মেলন’ ডেকেছিল গতকাল রোববার। এক পক্ষ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে, অপর পক্ষ শহরের উন্মুক্ত মঞ্চে। দুই জায়গাতেই বক্তব্য দেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ
নীলফামারী জেলা জাতীয় পার্টির নেতা-কর্মীরা জানান, জেলায় জাতীয় পার্টির আহ্বায়ক বিরোধীদলীয় হুইপ শওকত চৌধুরী ও সদস্যসচিব সাজ্জাদ পারভেজের নেতৃত্বে একটি পক্ষ এবং যুগ্ম আহ্বায়ক সাবেক সাংসদ জাফর ইকবাল সিদ্দিকী ও যুগ্ম আহ্বায়ক মাহবুব আলীর নেতৃত্বে আরেক পক্ষ দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন কর্মসূচি পৃথকভাবে পালন করে আসছে।
গতকাল শওকত চৌধুরী ও সাজ্জাদ পারভেজ পক্ষ শহরের উন্মুক্ত মঞ্চে এবং জাফর ইকবাল সিদ্দিকী ও মাহবুব আলী পক্ষ শহরের শিল্পকলা মিলনায়তনে সম্মেলনের আয়োজন করে। পরে কেন্দ্র থেকে শিল্পকলা মিলনায়তনের আয়োজনকে ‘সম্মেলন’ এবং উন্মুক্ত মঞ্চে ‘জনসভা’ নামে আয়োজন করতে দুই পক্ষকে রাজি করানো হয়।
বেলা একটার দিকে এরশাদ শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসে সম্মেলনে যোগ দেন। সেখানে এরশাদ বলেন, দেশে যতই উন্নয়ন হোক মানুষের মনে শান্তি নেই, নিরাপত্তা নেই। মা সন্তানকে খুন করছে, বন্দুকযুদ্ধে মানুষ মরছে।
জেলা জাতীয় পাটির আহ্বায়ক শওকত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে এ সময় বক্তৃতা দেন জাতীয় পাটির কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ স্থানীয় নেতারা।
ওই সম্মেলন শেষে জাফর ইকবাল সিদ্দিকীকে সভাপতি, শওকত চৌধুরীকে সাধারণ সম্পাদক, শাহজাহান আলী চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক এবং সাজ্জাদ পারভেজকে যুগ্ম সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
এরপর বেলা আড়াইটার দিকে উন্মুক্ত মঞ্চের জনসভায় যোগ দেন এরশাদ। সেখানে সাত মিনিট বক্তব্য দেওয়ার পর সভাস্থল ত্যাগ করার সময় দলীয় নেতা-কর্মীরা হইচই শুরু করেন। এ সময় সাজ্জাদ পারভেজের উপস্থিতিতে তাঁর সমর্থকেরা ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে মাইকে বিভিন্ন স্লোগান দেন। জানতে চাইলে সাজ্জাদ পারভেজ বলেন, পরে বসে দলীয়ভাবে সিদ্ধান্ত জানানো হবে।