নীলসাগরে উত্তরবঙ্গ সফরে যাচ্ছে আ.লীগ

একাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক সফর শুরু করছে আওয়ামী লীগ। এর অংশ হিসেবে আগামী শনিবার আন্তনগর ট্রেন নীলসাগর এক্সপ্রেসে করে উত্তরবঙ্গ সফরে যাবে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল।
আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ৮ সেপ্টেম্বর শনিবার সকাল আটটায় কমলাপুর রেলস্টেশন থেকে নীলসাগর ট্রেনে করে নীলফামারীর উদ্দেশে রেলযাত্রা কর্মসূচি শুরু করবেন। যাত্রাপথে তিনি টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, বগুড়া, জয়পুরহাট, দিনাজপুর ও নীলফামারী জেলার অন্তর্ভুক্ত রেলস্টেশনগুলোতে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য দেবেন।
আওয়ামী লীগের এই রেলযাত্রা কর্মসূচিতে দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, বি এম মোজাম্মেল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এবং আনোয়ার হোসেনসহ দলের কেন্দ্রীয় নেতারা সাধারণ সম্পাদকের সফরসঙ্গী হিসেবে থাকবেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ২৭ ডিসেম্বরে হতে পারে বলে গতকাল বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন। তিনি বলেন, এর তিন মাস আগে বর্তমান মন্ত্রিপরিষদ ভেঙে দিয়ে ছোট পরিসরের একটি মন্ত্রিপরিষদ গঠন করা হবে। তবে বর্তমান সংসদ বহাল থাকবে।
অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী অক্টোবর মাসের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। এসব বিষয় মাথায় রেখে সাংগঠনিক সফর শুরুর সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। এই সফরের পর পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলা সফর করবে দলটি।