চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের স্থানীয় চার সাংসদ চেয়ারম্যান পদে নুরুল আমিনকে সমর্থন জানিয়েছেন বলে জানা গেছে।
নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ইউসুফ গাজী গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে চাঁদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বলেন, ‘চাঁদপুরে চেয়ারম্যান পদে কেন্দ্রীয় আওয়ামী লীগ কাউকে সমর্থন দেয়নি। এ নিয়ে নুরুল আমিনের পক্ষে অপপ্রচার চালানো হচ্ছে। আমি নির্বাচনে আছি, থাকব।’
চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আমিন বলেন, দলের চার সাংসদ তাঁকে সমর্থন দিয়েছেন। তিনি সবার সমর্থন নিয়ে এগিয়ে যেতে চান।
আওয়ামী লীগের স্থানীয় সূত্র জানায়, চেয়ারম্যান পদে দলটির ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। পরে একজনের মনোনয়ন বাতিল হয় এবং পাঁচজন প্রার্থিতা প্রত্যাহার করেন। বাকি চারজনের মধ্যে ঘোড়া প্রতীক নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন, মোবাইল ফোন প্রতীক নিয়ে জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ওচমান গনি পাটোয়ারি, মোটরসাইকেল প্রতীক নিয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান ও আনারস প্রতীক নিয়ে জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ইউসুফ গাজী গণসংযোগ চালান।
দলীয় সূত্র জানায়, চেয়ারম্যান পদে একজনকে সমর্থন দেওয়ার বিষয় নিয়ে রোববার ঢাকায় চাঁদপুর-৫ আসনের সাংসদ রফিকুল ইসলাম বীর উত্তমের বাসায় তিনিসহ চাঁদপুর-১ আসনের সাংসদ মহীউদ্দীন খান আলমগীর, চাঁদপুর-৩ আসনের সাংসদ দীপু মনি ও চাঁদপুর-৪ আসনের শামসুল হক ভূঁইয়া বৈঠকে বসেন। তাঁরা নুরুল আমিনকে সমর্থন জানান।
সাংসদ রফিকুল ইসলাম বলেন, ‘বৈঠকে আমরা চার সাংসদসহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারি ছিলেন।’
সাংসদ শামসুল হক ভূঁইয়া বলেন, ওই বৈঠকে নুরুল আমিনকে দলীয় প্রার্থী হিসেবে সমর্থন দেওয়া হয়েছে।