নুরুল–রাশেদ দ্বন্দ্ব, ভাঙনের মুখে ছাত্র অধিকার পরিষদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নুরুল হক নুর ও মুহাম্মদ রাশেদ খান

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সঙ্গে মুহাম্মদ রাশেদ খানসহ কয়েকজনের দ্বন্দ্বে বিভক্তির মুখে পড়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিজ্ঞপ্তি দিয়ে পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান ও যুগ্ম আহ্বায়ক মো. সোহরাব হোসেনকে পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়ে কারণ দর্শাতে বলেছেন নুরুল। রাশেদও পাল্টা এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে নুরুলের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে তাঁকে কারণ দর্শাতে বলেছেন।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন থেকে ২০১৮ সালে গঠিত হয়েছিল সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। পরে ২০১৯ সালের মার্চে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে এই সংগঠনের প্যানেল থেকে প্রার্থী হয়ে ভিপি নির্বাচিত হয়েছিলেন নুরুল হক নুর। তাঁর আরেক সঙ্গী আখতার হোসেন হয়েছিলেন ডাকসুর সমাজসেবা সম্পাদক। ২০২০ সালের ফেব্রুয়ারিতে এই সংগঠনের নাম পরিবর্তন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ করা হয়।

ছাত্র অধিকার পরিষদের পাশাপাশি যুব, শ্রমিক ও প্রবাসী অধিকার পরিষদ নামে পৃথক তিনটি সংগঠন গঠন করে রাজনৈতিক দল প্রতিষ্ঠার দিকে এগোনোর ঘোষণা দিয়েছিলেন নুরুল। শুরু থেকেই ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক পদে থাকা নুরুল সাম্প্রতিক সময়ে নিজেকে ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক বলে পরিচয় দিয়ে থাকেন। তবে রাশেদদের দাবি, তাঁদের সংগঠনগুলোতে এমন কোনো পদ নেই৷

গতকাল শনিবার মধ্যরাতের পর ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের ‘সমন্বয়ক’ পরিচয়ে ফেসবুকে নিজের পেজ থেকে একাধিক বিজ্ঞপ্তি প্রকাশ করেন নুরুল হক। একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক যৌথ আলোচনা সভায় ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত হয়েছে। আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা-পরিপন্থী কাজে যুক্ত থাকার অভিযোগে ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান ও যুগ্ম আহ্বায়ক মো. সোহরাব হোসেনকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। একই সঙ্গে কেন তাঁদের স্থায়ী বহিষ্কার করা হবে না, তার কারণ দর্শাতে তদন্ত কমিটির কাছে যথাযথ ব্যাখ্যা দেওয়ার অনুরোধ করা হলো।

এর জবাবে একই সময়ে ফেসবুকে প্রকাশিত আরেক বিজ্ঞপ্তিতে মুহাম্মদ রাশেদ খান বলেন, যে যৌথ আলোচনা সভার কথা বলা হচ্ছে, সেখানে ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, মশিউর রহমান, মো. সোহরাব হোসেন, মাহফুজুর রহমান খানসহ অনেকেই উপস্থিত ছিলেন না‍। কেন্দ্রীয় নেতাদের অনুপস্থিতিতে খোদ কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করার এখতিয়ার কারও নেই‍। ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের যেখানে কোনো ‘সমন্বয়ক’ পদবি নেই, সেখানে এই নামে কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করার ঘোষণা চরম অসাংগঠনিক কার্যকলাপ। এই পরিপ্রেক্ষিতে ‘সমন্বয়ক’ পদবি ব্যবহারকারী অভিযুক্তের (নুরুল) বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সেই বিষয়ে সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হলো৷

ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আর্থিক লেনদেনসহ সাংগঠনিক কিছু বিষয়ে মনোমালিন্য, সংগঠনে নুরুলের একাধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা ও জবাবদিহির অভাবসহ বিভিন্ন কারণে বেশ কিছুদিন ধরেই নুরুলের সঙ্গে ছাত্র অধিকার পরিষদের অন্য নেতাদের সম্পর্ক ভালো যাচ্ছিল না। সম্প্রতি নুরুলকে একটি নতুন গাড়িতে চড়তে দেখে সংগঠনের জ্যেষ্ঠ নেতাদের কয়েকজন এ নিয়ে তাঁকে প্রশ্ন করেন। এর সূত্র ধরেই গতকাল নুরুল ও রাশেদ পাল্টাপাল্টি বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁদের দ্বন্দ্বের বিষয়টি সামনে আনলেন।

জানতে চাইলে মুহাম্মদ রাশেদ খান রোববার প্রথম আলোকে বলেন, ‘ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক হয়ে নুরুল সংগঠনের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণার এখতিয়ার রাখেন না। অনেকেই সেই সভায় উপস্থিত ছিলেন না এবং কমিটি বিলুপ্ত করার বিষয়ে বেশির ভাগই কিছু জানেন না। আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন সম্মেলন দিতে হলে সেটা আমরাই দেব, একজন যুগ্ম আহ্বায়ক (নুরুল) তো এটি করতে পারেন না। তাই এ বিষয়ে নুরুলকে সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।’

রাশেদ বলেন, নুরুল যেহেতু ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছিলেন, সেই জায়গা থেকে তাঁর আলাদা একটি গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা আছে। সে ক্ষেত্রে সব সময়ই তাঁকে সামনে রাখার চেষ্টা, তাঁকে প্রাপ্য সম্মান দেওয়া হয়ে থাকে। তার মানে এই নয় যে তিনি এভাবে কমিটি বিলুপ্ত করে এ ধরনের অসাংগঠনিক কার্যক্রম করবেন। তাঁকে কেউ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক ঘোষণা করেনি।

এসব বিষয়ে নুরুল হক প্রথম আলোকে বলেন, ‘রাশেদ ও সোহরাবকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তটি ছিল অভ্যন্তরীণ। আমরা চাইনি যে এ মুহূর্তে তিনি (রাশেদ) বিতর্কিত হোন বা আমাদের সংগঠন নিয়ে কেউ প্রশ্ন তুলুক। তাই বিষয়টি অভ্যন্তরীণই রাখতে চেয়েছিলাম। এটা ছিল অভ্যন্তরীণভাবে রাশেদ ও সোহরাবকে একটা শাস্তির আওতায় আনার জন্য যেন তাঁরা ভবিষ্যতে সংশোধন হন। কিন্তু এটি নিয়ে রাশেদ যখন পাবলিকলি উল্টো বিজ্ঞপ্তি দিলেন, তখন আমরাও বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি সামনে আনলাম। সরকারের বিভিন্ন সংস্থা আমাদের মতো তরুণদের নানাভাবে প্ররোচিত করতে চায়। সরকারের প্রতি চ্যালেঞ্জ হয়ে ওঠায় তারা আমাদেরও বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করেছে নানা সময়ে।’

রাশেদ ও সোহরাবকে অব্যাহতি দেওয়ার কারণ জানতে চাইলে নুরুল বলেন, রাশেদ, সোহরাবসহ পাঁচজনের বেশ কিছু ‘স্পর্শকাতর কথোপকথন’ পাওয়া গেছে। কমল বড়ুয়া নামে ফেসবুক মেসেঞ্জারে একটি গ্রুপ খুলে সেখানে তাঁরা সংগঠন ভাঙার জন্য সংবাদ প্রকাশ করানো, বিভিন্নজনের নামে অপপ্রচার চালানো ইত্যাদি বিষয়ে কথা বলেছেন। এই কথোপকথনটি হাতে আসার ফলে তাঁদের সতর্ক করার জন্যই সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল। কিন্তু সংশোধিত না হয়ে উল্টো তাঁরা প্রতিক্রিয়া দেখালেন।
গাড়ি কেনা, আর্থিক লেনদেন নিয়ে মনোমালিন্যসহ নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোও নাকচ করেন নুরুল।