নেছারাবাদে আ.লীগের পাল্টাপাল্টি মিছিল
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষ গতকাল বুধবার আবারও পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এরপর গত মঙ্গলবার স্বরূপকাঠি সরকারি কলেজ প্রাঙ্গণে সন্ত্রাসবিরোধী সমাবেশ করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সাংসদ শাহ আলম। এরপর গতকাল বুধবার পাল্টা কর্মসূচি দেন পিরোজপুর-১ আসনের সাংসদ এ কে এম এ আউয়ালের অনুসারীরা।
স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবির ও উপজেলা ভাইস চেয়ারম্যান লাভলু আহমেদের নেতৃত্বে গতকাল সকালে ইন্দেরহাট ও মিয়ারহাট বাজারে মিছিল বের করা হয়। বেলা ১১টার দিকে তাঁরা স্বরূপকাঠি সরকারি কলেজ প্রাঙ্গণে সমাবেশ করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. মহিউদ্দিন মিয়া। সমাবেশ চলাকালে প্রতিপক্ষ শাহ আলমের অনুসারী ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা সন্ত্রাসবিরোধী মিছিল বের করেন। মিছিলটি পাঠাগার মোড়ে পৌঁছালে পুলিশ বাধা দেয়। পরে আওয়ালের অনুসারীরা সমাবেশ শেষ করে চলে গেলে শাহ আলমের অনুসারীরা একই স্থানে সমাবেশ করেন।