পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় গতকাল শুক্রবার পিরোজপুর-১ আসনের সাংসদ এ কে এম এ আউয়াল ও জেলা পরিষদের প্রশাসক শাহ আলমের অনুসারীরা নানা কর্মসূচির মধ্য দিয়ে আলাদাভাবে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন। আওয়ামী যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই পক্ষ আলাদাভাবে কর্মসূচি পালন করেছে।
সকালে জেলা পরিষদের প্রশাসক শাহ আলমের অনুসারীরা নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌর শহরের জগন্নাথকাঠি বাজারে যুবলীগের কার্যালয়ের সামনে আলোচনা সভা করেন। স্থানীয় যুবলীগ নেতা শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম ফুয়াদ, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম, সুটিয়াকাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবদুল হক, যুবলীগ নেতা মো. তৌহিদুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কাটা হয়। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে সাংসদ এ কে এম এ আউয়ালের অনুসারীরা সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। এরপর সেখানে উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি লাভলু আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবির, সোহাগদল ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ, সমুদয়কাঠি ইউপি চেয়ারম্যান কে এম সবুর, আটঘর কুড়িয়ানা ইউপি চেয়ারম্যান শেখর কুমার শিকদার ও যুবলীগ নেতা মাসরুল আলম প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কাটেন নেতৃবৃন্দ।
পিরোজপুর-১ (সদর, নাজিরপুর, নেছারাবাদ) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়ালের সঙ্গে পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সাংসদ শাহ আলমের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। দুই নেতার বিরোধের জের ধরে নেছারাবাদ উপজেলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর নেতা-কর্মীরা দ্বিধাবিভক্ত।