নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলার নিন্দা ফখরুলের

বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে মামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এ প্রতিবাদ জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণের মধ্যে ভীতি ও আতঙ্ক ছড়িয়ে দিয়ে চিরদিন রাষ্ট্রক্ষমতায় থাকার জন্য বর্তমান শাসকগোষ্ঠী দেশব্যাপী বিএনপিসহ বিরোধী দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের, গ্রেপ্তার, রিমান্ডে নিয়ে নির্যাতন করছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়ে, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু গত সোমবার জাতীয় প্রেসক্লাবের মানববন্ধন কর্মসূচিতে অবস্থান করেন। এই দুই নেতাসহ ১৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিএনপির অভিযোগ, এদের মধ্যে গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইদুল ইসলাম বাবুল সিঙ্গাপুরে, সাবেক ছাত্রনেতা মুনির ভারতে, গাজীপুর বার এর সাবেক সভাপতি শহীদুজ্জামান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা সহ অনেকেই দেশের বাইরে রয়েছেন। এরপরও এদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বিএনপি মহাসচিব জানান, নেতৃবৃন্দ দেশের বাইরে থাকা এবং হাসপাতালে ভর্তি থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে কাল্পনিক ও গায়েবি মামলা দায়েরের ঘটনায় বোঝা যায়, সরকার পরিকল্পিতভাবে বিএনপিকে নিশ্চিহ্ন করার গভীর চক্রান্তে লিপ্ত।
তিনি আরও বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজানো মামলায় দোষী বানিয়ে অন্যায়ভাবে কারাবন্দী রেখে নেতা কর্মীদের ওপর জুলুম নির্যাতন চালানো হচ্ছে। তিনি অভিযোগ করেন, সরকার আবারও একতরফা নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতা দখল করতে চায়।
বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় মির্জা ফখরুল নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মামলা প্রত্যাহারের দাবি জানান। বিজ্ঞপ্তি।