নেতা-কর্মীদের মধ্যে দেখা সাক্ষাৎ নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং রাজনৈতিক কর্মসূচি না থাকায় কুড়িগ্রাম জেলা বিএনপির নেতা-কর্মীরা নিক্রিয় ও হতাশ হয়ে পড়েছেন। জেলা কমিটির মেয়াদ নেই। অঙ্গসংগঠনগুলো চলছে আহ্বায়ক কমিটি দিয়ে। শহরে দলের দুটি কার্যালয় থাকলেও কোনো নেতাকে সেখানে দেখা যায় না। নেতা-কর্মীদের মধ্যে দেখা-সাক্ষাৎও কমে গেছে।
দলের বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, জেলা কমিটির মেয়াদ পার হয়ে গেছে অনেক আগে। ২০০৯ সালে কমিটি গঠিত হওয়ার পর দল দুটি বিভক্ত হয়ে যায়। তার প্রভাব পড়ে উপজেলায়। সেখানেও দুটি পক্ষ সক্রিয়। যেকোনো কর্মসূচি দুই পক্ষ আলাদাভাবে পালন করে। এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান; অন্য পক্ষের নেতৃত্ব দিচ্ছেন সহসভাপতি আবু বকর সিদ্দিক, মোস্তাফিজুর রহমান, সফিকুল ইসলাম ও হাসিবুর রহমান। শহরে দলের দুটি কার্যালয়। মূল কার্যালয়টি পুরাতন পোস্ট অফিস পাড়ায়, অন্যটি ঘোষ পাড়ায়।
একাধিক নেতা প্রথম আলোকে জানান, দলের বিবাদ মেটাতে গত বছর কেন্দ্র থেকে বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান ও রংপুর জেলার দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিবকে দায়িত্ব দেওয়া হয়। তাঁরা দুই পক্ষের সঙ্গে বসলেও দ্বন্দ্ব নিরসনে ব্যর্থ হন।
জেলা বিএনপির সহসভাপতি আবু বকর সিদ্দিক বলেন, ২০০৯ সালের ২৮ নভেম্বর দ্বিবার্ষিক কাউন্সিলের মাধ্যমে বিএনপির কুড়িগ্রাম জেলা কমিটি গঠিত হয়। কিন্তু তাসভীর উল ইসলাম শিল্পপতি। কুড়িগ্রামে খুব একটা আসেন না। ঢাকায় থাকেন। সাধারণ সম্পাদক সাইফুর রহমানও অধিকাংশ সময় ঢাকায় থাকেন। তাঁদের আন্দোলন-সংগ্রামে মাঠে পাওয়া যায়নি। এমনকি সরকারের হামলা-মামলায় নেতা-কর্মীরা যখন দুর্বিষহ দিন কাটিয়েছেন, সেই দুঃসময়েও তাঁদের দেখা পাওয়া যায়নি। আবার ছয় বছর পেরিয়ে গেলেও কাউন্সিল হচ্ছে না। নতুন কমিটিও নেতৃত্বে আসছে না।
জেলা বিএনপির আরেক সহসভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি নেই। আহ্বায়ক কমিটি দিয়ে চলছে। কেন্দ্র থেকে পূর্ণাঙ্গ কমিটি করার কোনো উদ্যোগ নেই। তিনি বলেন, জরুরি ভিত্তিতে জেলা কমিটি ভেঙে দিয়ে কাউন্সিল করে যোগ্য নেতৃত্ব নিয়ে আসতে হবে। তবে দল গতিশীল হবে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান বলেন, ‘আমরা কেন্দ্রকে বহুবার জানিয়েছি কমিটি ভেঙে দিয়ে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য। কেন্দ্র থেকে তারিখ দিয়েছিল, কিন্তু আসতে পারেনি। কেন্দ্র চাইলে যেকোনো সময় কাউন্সিল হতে পারে। অভ্যন্তরীণ দ্বন্দ্বের কথা স্বীকার করে তিনি বলেন, ‘কিছুসংখ্যক নেতা-কর্মী এসব করছেন। আশা করি তাঁরা ভুল বুঝতে পারবেন। তবে বড় দলে এসব সমস্যা থাকে।’