নেতা-কর্মীদের হতাশ না হতে বললেন ফখরুল
নেতা-কর্মীদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘যাঁরা হতাশায় ভুগছেন তাঁদের উদ্দেশে পরিষ্কার বলতে চাই, হতাশাই শেষ কথা নয়। প্রতি রজনীর পরেই হয় নতুন সূর্যোদয়।’
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক স্মরণসভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।
’৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত নাজির উদ্দিন জেহাদের স্মরণে ‘শহীদ জেহাদ স্মৃতি সংসদ’ এ সভার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, অনেক প্রাণ গেছে। কিন্তু এখনো অবৈধ সরকারকে মসনদ থেকে সরানো যায়নি। এর অনেক কারণ আছে। কিন্তু ৫ জানুয়ারির নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে। ৯৫ শতাংশ মানুষ ভোট দিতে পারেনি। তিনি বলেন, বিএনপি আন্দোলন গড়ে তুলতে পারছে না, এটা ঠিক নয়। স্বৈরাচারবিরোধী আন্দোলনে গণবিস্ফোরণ হতে নয় বছর লেগেছে। আইয়ুব খানের বিরুদ্ধে ১২ বছর সংগ্রাম করতে হয়েছে। এ সরকারের পতন অবশ্যম্ভাবী।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, ভাষা-মতিনকে সরকার মর্যাদা দেয়নি। আওয়ামী লীগ একটি মানুষ, একটি পরিবারের বাইরে কিছু চেনে না। তাজউদ্দীন আহমদ, ওসমানী কাউকে আওয়ামী লীগ মনে রাখে না, তারা মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি এ কে খন্দকারের ‘বাপ-দাদার নাম ভুলিয়ে দিয়েছে’।
স্মরণসভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সাধারণ সম্পাদক খায়রুল কবির। অন্যদের মধ্যে ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান, জাগপার সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, ডেমোক্রেটিক লীগের মহাসচিব সাইফুদ্দীন প্রমুখ আলোচনায় অংশ নেন।