নেতা-কর্মীরা কৌশলী অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা আব্বাস ও হাবিব–উন-নবী খান সোহেল
মির্জা আব্বাস ও হাবিব–উন-নবী খান সোহেল

বিএনপির ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মির্জা আব্বাস ও সদস্যসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, খালেদা জিয়ার নির্দেশনায় সমন্বিতভাবে আন্দোলন এগিয়ে যাচ্ছে। প্রত্যেক নেতা-কর্মী কৌশলী অবস্থানে থেকে যাঁর যাঁর দায়িত্ব পালন করছেন। গতকাল শুক্রবার এক যৌথ বিবৃতিতে তাঁরা এ কথা বলেন।
৩ জানুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর গুলশানের কার্যালয়ে ‘অবরুদ্ধ’ ও ‘অবরোধমুক্ত’ হওয়ার পর এই প্রথম দলের ঢাকা মহানগরের দায়িত্বশীল এই দুই নেতা গণমাধ্যমে বিবৃতি দিলেন। মির্জা আব্বাসের প্রেসসচিব জাহাঙ্গীর আলমের নামে এই বিবৃতি পাঠানো হয়।
বিবৃতিতে সরকারকে উদ্দেশ করে মির্জা আব্বাস ও হাবিব-উন-নবী বলেন, ‘আপনাদের কোনো অশুভ পরিকল্পনাই ফলপ্রসূ হবে না। জনগণ রাস্তায় নেমে এসেছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত কেউ ঘরে ফিরে যাবে না। মামলা-হামলা-গ্রেপ্তার করে গণতান্ত্রিক আন্দোলন কোনোদিনই বন্ধ করা যায়নি, এবারও যাবে না।’
বিবৃতিতে দলীয় নেতা-কর্মীদের যাঁর যাঁর অবস্থান থেকে আন্দোলন চালিয়ে যেতে এবং সরকারকে জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনে অস্ত্র-গুলি না চালিয়ে সমঝোতার পথে আসার আহ্বান জানানো হয়।