নেতা-কর্মীরা ছিলেন স্বতন্ত্রের পক্ষে জামানত খোয়ালেন আ.লীগ প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সারা দেশে যখন নৌকার জয়জয়কার, ঠিক তখন নওগাঁর বদলগাছি উপজেলার কোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবু বক্কর সিদ্দিক মাস্টারের বেলায় উল্টো চিত্র। তিনি নির্বাচনে শুধু পরাজিতই হননি, জামানতের টাকাও খুইয়েছেন।
উপজেলা আওয়ামী লীগ নেতা আবু খালেদ বলেছেন, দলীয় প্রার্থী দুর্বল থাকায় আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেন। এ ইউনিয়নে বিজয়ী হওয়া স্বতন্ত্র প্রার্থীও এ দলের সাবেক নেতা।
ইউপি নির্বাচনের ষষ্ঠ দফায় গত শনিবার কোলা ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ইউপিতে চেয়ারম্যান পদে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁরা হলেন আওয়ামী লীগের আবু বক্কর সিদ্দিক মাস্টার, বিএনপির গোলাম রব্বানী এবং স্বতন্ত্র হিসেবে এসকেন্দার মির্জা বাচ্চু, ইফতেখার আহমেদ, ফয়সাল ওয়ালিদ, শফিকুল ইসলাম ও সেলিনা মির্জা।
রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফল অনুযায়ী কোলা ইউপিতে স্বতন্ত্র প্রার্থী এসকেন্দার মির্জা মোটরসাইকেল প্রতীকে ৭ হাজার ৪২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির গোলাম রব্বানী পেয়েছেন ৪ হাজার ৯৮৫ ভোট। আওয়ামী লীগের প্রার্থী আবু বক্কর সিদ্দিক মাস্টার ১ হাজার ২৯৯ ভোট পান। মোট প্রদত্ত ভোটের সংখ্যা ১৪ হাজার ৭৭২। যে প্রার্থী ভোটারদের মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগও পেতে ব্যর্থ হন, তাঁর জামানত খোয়া যাওয়ার বিধান রয়েছে। আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবু বক্করের প্রাপ্ত ভোট মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগেরও কম।
কোলা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান এসকেন্দার মির্জা বদলগাছি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।
কোলা ইউপিতে দলীয় প্রার্থীর শোচনীয় পরাজয় সম্পর্কে বদলগাছি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু খালেদ বলেন, ‘আমাদের দলীয় প্রার্থীর অবস্থান ভালো ছিল না। বিএনপির প্রার্থীকে ঠেকাতে গিয়ে আমরা দলের নেতা-কর্মীরা ভেতরে ভেতরে দলের বিদ্রোহী প্রার্থী এসকেন্দার মির্জার পক্ষে কাজ করেছি।’
আওয়ামী লীগের পরাজিত প্রার্থী আবু বক্কর সিদ্দিক মাস্টার বলেন, ‘দলীয় নেতা-কর্মীরা ঠিকমতো কাজ করলে বিজয়ী হতাম।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা শফি উদ্দিন শেখ বলেন, প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগও না পাওয়ায় কোলা ইউপির আওয়ামী লীগের দলীয় প্রার্থীর জামানত ফেরত দেওয়া হবে না।