বরগুনার আমতলী উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে বিএনপির প্রার্থীরা তৃণমূলের নেতা-কর্মীদের পাশে না পেয়ে অসহায়ত্বে ভুগছেন।
এসব ইউনিয়নে দলের মনোনয়ন পাওয়া তিন প্রার্থী অভিযোগ করেছেন, দলের তৃণমূলের নেতা-কর্মীরা তাঁদের পক্ষে কাজ না করে বরং স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে কাজ করছেন। এতে নির্বাচনী মাঠে তাঁরা অসহায় হয়ে পড়েছেন।
বিএনপির দলীয় সূত্র জানায়, আমতলী উপজেলায় ছয়টি ইউনিয়নে এবার নির্বাচন হচ্ছে। এসব ইউনিয়নে বিএনপির দুই সাবেক চেয়ারম্যান এবং দুজন বর্তমান চেয়ারম্যান দলীয় মনোনয়ন না নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন বিএনপির নেতা ও বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। ফলে স্থানীয় বিএনপি চরম প্রার্থীসংকটে পড়ে। দলের মান রক্ষায় ছয়টি ইউনিয়নে অপেক্ষাকৃত কম পরিচিত ও এলাকায় জনভিত্তি দুর্বল এমন প্রার্থীদের দলীয় মনোনয়ন দেয় বিএনপি। এদের মধ্যে আবার পাঁচজন দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও কুকুয়া ইউনিয়নে দলীয় মনোনয়ন পাওয়া মতিউর রহমান নির্বাচন করতে অপারগতা জানিয়ে মনোনয়নপত্র দাখিল করেননি। কুকুয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও বিএনপির নেতা কায়েসুর রহমান ওরফে ফকু এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পাঁচটি ইউনিয়নে বিএনপির প্রার্থীরা হলেন আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে আবুল বাশার সিদ্দিক, আঠারগাছিয়ায় মো. নজরুল ইসলাম, গুলিশাখালীতে জসিম উদ্দিন, চাওড়ায় মোহাম্মদ মহিউদ্দিন ও হলদিয়া ইউনিয়নে মো. মকবুল হোসেন খান।
দলীয় সূত্র জানায়, এসব ইউনিয়নে দলের গুরুত্বপূর্ণ নেতা ও এলাকায় গ্রহণযোগ্য ব্যক্তিরা স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তৃণমূলের নেতা-কর্মীরা সেসব স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন। এতে দলের মনোনীত প্রার্থীরা অসহায় হয়ে পড়েছেন।
এ নিয়ে বিএনপির তিন চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে কথা হয়। তাঁরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দলের দুর্দিনে ঝুঁকি নিয়ে তাঁরা প্রার্থী হয়েছেন। সেখানে দলের নেতা-কর্মীরা পক্ষে কাজ করছেন না। ফলে নির্বাচনী মাঠে টিকে থাকা ও প্রচার-প্রচারণা চালানো দুরূহ হয়ে পড়ছে। দলীয় প্রার্থী হওয়ার পর এমন অসহায় অবস্থার মধ্যে পড়তে হবে জানলে তাঁরা প্রার্থী হতেন না। তাঁরা ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, বিএনপির সুদিনে যাঁরা দলের সব সুযোগ-সুবিধা ভোগ করেছেন, তাঁরা দলের এই দুর্দিনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এবং নেতা-কর্মীরা তাঁদের পক্ষে কাজ করছেন—এটা দুঃখজনক।
চাওড়া ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মহসিন এবার স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এখানে বিএনপির মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ মহিউদ্দীন। এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, তাঁর পক্ষে এলাকায় তেমন প্রচার-প্রচারণা নেই। তবে তিনি দাবি করেন, দলীয় নেতা-কর্মীরা তাঁর পক্ষে কাজ করছেন।
আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকির বলেন, ‘তৃণমূলের অনেক নেতা-কর্মীর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তাঁরা মাঠে নেমে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে পারছেন না। তারপরও বিষয়টি আমরা দেখছি।’
সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মতিয়ার রহমান তালুকদার গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বর্তমানে আমি ঢাকায় অবস্থান করছি। শিগগিরই এলাকায় এসে তৃণমূলের নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করব।’