নেতা-কর্মীরা পুরোপুরি কার্যালয়মুখী হননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালা খোলা হলেও রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এখনো স্বাভাবিক হয়নি। নেতা-কর্মীদের মধ্যে গ্রেপ্তার-আতঙ্ক বিরাজ করছে। এর ফলে গত দুই দিনে নেতা-কর্মীরা পুরোপুরি কার্যালয়মুখী হননি। দলের চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানের কার্যালয় ছাড়ার পর সেখানে আর কেউ যাননি বলে জানা গেছে।
গতকাল সোমবার বেলা দুইটায় গিয়ে দেখা যায়, গুলশান কার্যালয়ের মূল ফটকের সামনে দুজন পুলিশ সদস্য ও পুলিশের বিশেষ শাখার (এসবি) একজন সদস্য চেয়ার-টেবিল পেতে বসে আছেন। কার্যালয়ের ভেতরে কয়েকজন নিরাপত্তাকর্মীকে দেখা যায়। এদিকে খালেদা জিয়ার গুলশানের বাসভবনে (ফিরোজা) পুলিশি নিরাপত্তা ফেরত দেওয়া হয়েছে। সাতজন পুলিশ সদস্য সেখানে দায়িত্ব পালন করছেন।
জানতে চাইলে এসবির এক সদস্য জানান, খালেদা জিয়া যাওয়ার পর থেকে ওই কার্যালয়ের ভেতরে কোনো নেতা-কর্মী ঢোকেননি, বেরও হননি।
তিন মাস তালাবদ্ধ থাকার পর গত শনিবার রাতে তালা কেটে নয়াপল্টন কার্যালয়ের ভেতরে ঢোকেন বিএনপির নেতা-কর্মীরা। এরপর রবি ও সোমবার কিছুসংখ্যক নেতা-কর্মী কার্যালয়ে যাওয়া-আসা করেন। তবে বিএনপির কেন্দ্রীয় বা ঢাকা মহানগরের শীর্ষ পর্যায়ের কোনো নেতা কার্যালয়ে যাননি। দলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ ও আসাদুল করিম গতকাল কয়েক ঘণ্টা কার্যালয়ে ছিলেন। দিনভর ৩০-৩৫ জনের মতো নেতা-কর্মী কার্যালয়ে গেছেন। কেউ কেউ টেলিভিশন দেখে ও পত্রিকা পড়ে সময় পার করেন। এ ছাড়া গতকালই কার্যালয়ের নিচতলায় থাকা দলীয় সামগ্রী বিক্রির দোকানটিও খুলেছে।
জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘৯৪ দিন পর অফিসে এলাম। ভালো লাগছে। নেতা-কর্মীরা আসা শুরু করেছেন। সরকারকে নমনীয় মনে হচ্ছে। আরও ভালো লাগত মির্জা ফখরুল ইসলাম, রুহুল কবির রিজভী স্যার থাকলে।’
গত শুক্র ও শনিবার বিএনপির কার্যালয়ের সামনে কোনো পুলিশ দেখা যায়নি। কিন্তু গতকাল সকাল থেকে কার্যালয়ে সামনে পুলিশের অবস্থান দেখা যায়। আগের মতোই পুলিশ দায়িত্ব পালন করছে।