ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনের জন্য প্রতীক্ষা করতে হয়েছে প্রায় এক দশক। এরপর যাও সম্মেলন হয়েছে, তাতে সভাপতি ও সাধারণ সম্পাদককে বহাল রেখে দুই সদস্যবিশিষ্ট কমিটি হয়। এরপর ১০ মাসেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেননি তাঁরা।
গত বছরের ২১ ডিসেম্বর সাভারের অধরচন্দ্র উচ্চবিদ্যালয় মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। ভোটের আওয়াজ তুললেও শেষ পর্যন্ত সমঝোতার মাধ্যমে বেনজির আহমেদ সভাপতি ও মাহবুবুর রহমান সাধারণ সম্পাদক হন। এখনো দুই সদস্যের কমিটিই রয়ে গেছে।
জেলা সভাপতি বেনজির আহমেদ প্রথম আলোকে বলেন, বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ ও পবিত্র রমজানের কারণে পূর্ণাঙ্গ কমিটি করতে দেরি হয়েছে। অক্টোবরের মধ্যেই কমিটি হয়ে যাবে।
এ জেলার অধীন পাঁচটি উপজেলার মধ্যে তিনটিতে সম্মেলন হলেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি। দু-তিনজনের কমিটি দিয়ে চলছে উপজেলার রাজনীতি। সাভার ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের দুজন নেতা বলেন, আগামী ডিসেম্বর থেকে পৌর নির্বাচন। এরপর শুরু হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। দুটি নির্বাচনই দলীয় প্রতীকে হবে। জেলার রাজনীতি দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকলে পৌরসভা ও ইউনিয়নের জন্য দলীয় প্রার্থী বাছাই করাই কঠিন হয়ে পড়বে। তখন কেন্দ্র থেকে প্রার্থী চাপিয়ে দিতে গেলে দলীয় কোন্দল দেখা দেবে।
আওয়ামী লীগের গঠনতন্ত্রে প্রতি তিন বছর পর সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের কথা বলা হয়েছে।
বেনজির আহমেদ ও মাহবুবুর রহমান ২০০৪ সাল থেকেই জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। এর আগে ১৯৯২ থেকে ২০০৩ সাল পর্যন্ত বেনজির আহমেদ ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আর মাহবুবুর রহমান ২০০৪ সালে সাধারণ সম্পাদক হওয়ার আগ পর্যন্ত দীর্ঘদিন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। সব মিলিয়ে প্রায় আড়াই দশক ধরে বেনজির আহমেদই নেতৃত্ব দিচ্ছেন ঢাকা জেলা আওয়ামী লীগের।
দলীয় সূত্র জানায়, সর্বশেষ সম্মেলনে সাবেক সহসভাপতি আশরাফ উদ্দিন খান সভাপতি পদে প্রার্থী ছিলেন। আর সাধারণ সম্পাদক পদে আগ্রহী ছিলেন মাসুদ চৌধুরী। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন হয়নি এবং কেন্দ্রীয় নেতাদের মধ্যস্থতায় সমঝোতার মাধ্যমে কমিটি হয়।
জেলা আওয়ামী লীগের একজন নেতা বলেন, ঢাকা জেলায় আওয়ামী লীগের নতুন নেতৃত্ব গড়ে ওঠেনি বা নতুন কাউকে এগিয়ে আসার সুযোগ দেওয়া হয়নি। পুরোনোরা ব্যস্ত থাকেন নিজ নিজ উপজেলার রাজনীতি নিয়ে। ফলে জেলার রাজনীতিতে স্থবিরতা দেখা দিয়েছে, দিবসকেন্দ্রিক কর্মসূচি পালনেই সীমিত রয়েছে দলীয় কর্মকাণ্ড।
অবশ্য বেনজির আহমেদ দাবি করেন, ‘আমরাও চাই নতুনেরা আসুক। কিন্তু কেউ এগিয়ে আসছে না।’ তিনি বলেন, দলীয় কার্যক্রম স্থবির, এ কথা ঠিক নয়। জেলা কমিটির আলাদা কার্যালয় নেই, সবকিছু হয় কেন্দ্রীয় কার্যালয়ভিত্তিক, এ জন্য হয়তো চোখে পড়ে না।
দলীয় সূত্রগুলো জানায়, ঢাকা জেলা আওয়ামী লীগের কোনো কার্যালয় না থাকায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে জেলা কমিটির সভা করা হয়। কিন্তু সেখানে মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয় ও কর্মসূচির ভিড়ে স্থান পাওয়া কঠিন হয়ে পড়ে। সভাপতি বেনজির আহমেদের বাড়ি ধামরাই উপজেলায়। ওই আসনের সাংসদও ছিলেন তিনি। কিন্তু ২০১৪ সালের জাতীয় নির্বাচনে ওই আসন থেকে দলীয় মনোনয়ন পান ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেক। এরপর থেকে দুই নেতার মধ্যে দ্বন্দ্ব প্রকট হয়েছে।
অবশ্য বেনজির আহমেদ বলেন, ‘আমি জেলার রাজনীতি করি। মালেক সাহেব করেন উপজেলার। মতের অমিল থাকতে পারে। তবে দ্বন্দ্ব প্রকট কথাটা পুরোপুরি সত্য নয়।’
ঢাকা জেলার পাঁচটি উপজেলার মধ্যে সাভার ও নবাবগঞ্জে গত বছর ডিসেম্বরে সম্মেলন হয়েছে। সমঝোতার ভিত্তিতে সাভারে তিন সদস্যের এবং নবাবগঞ্জে দুই সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এখনো দুই উপজেলায় পূর্ণাঙ্গ কমিটি হয়নি। সাভারে তিন সদস্যের কমিটির সভাপতি হাসিনা দৌলা, সাধারণ সম্পাদক আলী হায়দার ও যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। নবাবগঞ্জের দুই সদস্যবিশিষ্ট কমিটির সভাপতি নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন। ধামরাইয়ে সম্মেলন হয় ২০১৩ সালে, সেখানে সাংসদ আবদুল মালেকের নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিটি রয়েছে। কেরানীগঞ্জে আহ্বায়ক স্থানীয় উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। ২০ বছর ধরে আহ্বায়ক কমিটি দিয়েই চলছে কেরানীগঞ্জের আওয়ামী লীগের রাজনীতি। দোহারে ২০০৩ সালের পর আর সম্মেলন হয়নি।