‘নেতা হওয়ার স্বপ্ন’ দেখেন না গোপালগঞ্জ আওয়ামী লীগের কেউ-ই। কারণ দলীয় সভানেত্রীর ওপর তাঁদের অগাদ ভরসা। তিনিই ঠিক করে দেবেন, কে জেলা কমিটির সভাপতি হবেন; কে কোন পদে দায়িত্ব পালন করবেন। এখানে কোনো কোন্দল নেই। অহেতুক আকাঙ্ক্ষাও পোষণ করেন না কেউ।
১১ বছর আগের কমিটি দিয়ে চলছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ। ইতিমধ্যে দলের সভাপতিসহ প্রয়াত হয়েছেন বেশ কয়েকজন নেতা। ভারপ্রাপ্তরা আগামী সম্মেলন পর্যন্ত দলকে এগিয়ে নিয়ে যাবেন—এমনটিই কর্মীদের ভাবনা।
নেতা-কর্মীরা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি ঘিরে টুঙ্গিপাড়ায় বিভিন্ন জাতীয় ও দলীয় অনুষ্ঠান হচ্ছে। এর কোনোটি সরকারি উদ্যোগে আবার কোনোটি দলীয় উদ্যোগে হয়। দল ক্ষমতায় থাকায় এখন এসব কর্মসূচিতেই সীমাবদ্ধ আছে কর্মকাণ্ড।
২০০৪ সালের ১৪ এপ্রিল গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে সভাপতি হন মো. আলী খান আবু। তিনি মারা যাওয়ার পর জ্যেষ্ঠ সহ-সভাপতি রাজা মিয়াকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। তবে বয়সের কারণে তিনি ততটা সক্রিয় নন।
জেলা আওয়ামী লীগের কার্যালয়টি ব্যাংকপাড়ায় অবস্থিত। তবে কার্যালয়টি সব সময় খোলা থাকে না। মেয়াদোত্তীর্ণ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রইস, যুববিষয়ক সম্পাদক শেখ শাহাবুদ্দীন, সদস্য সাবেক সাংসদ কাজী আব্দুর রশিদ, কামরুল ইসলাম রইস, মুজিবুর রহমান মোল্লাসহ বেশ কয়েকজন মারা গেছেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদুল হক। তিনি বর্তমানে জেলা পরিষদের প্রশাসক পদে রয়েছেন।
দলের কর্মকাণ্ডে যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানকে মাঠে পাওয়া যায় সক্রিয়ভাবে। তিনি প্রথম আলোকে বলেন, ‘মূল অনুষ্ঠান হয় টুঙ্গিপাড়ায়। সেখানেই আমাদের ব্যস্ত থাকতে হয়। সংগত কারণেই গোপালগঞ্জের অনুষ্ঠান ছোট করতে হয়।’ তিনি বলেন, ‘অন্য দল ক্ষমতায় থাকলে তো আমাদের দাবড়ের ওপর থাকতে হয়। আমরা তো এখন রাজপথে নেই। তাই অন্য যেকোনো মানুষের মতোই নেতা-কর্মীরা নিজেদের ভবিষ্যতের দিকে নজর দিচ্ছেন।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদুল হক বলেন, ‘কর্মীদের কাজ দিয়ে, প্রশিক্ষণ দিয়ে যোগ্য হিসেবে গড়ে তোলা উচিত। স্থানীয় সাংসদেরাও এদিকে নজর দিতে পারেন।’