রাজনৈতিক নেতাদের অপব্যবহার এবং দীর্ঘদিন ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় ছাত্রলীগের নেতা-কর্মীরা বেপরোয়া হয়ে উঠেছেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গতকাল শনিবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। তিনি পাটগাতি এলাকায় মধুমতী নদীর ওপর নির্মাণাধীন শেখ লুৎফর রহমান সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন।
ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে বেপরোয়া মনোভাব প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘কিছু কিছু লোকাল লিডার তাদের প্রভাব বলয় বিস্তার করতে ছাত্রলীগকে ব্যবহার করছে। পাশাপাশি দীর্ঘদিন দেশের কলেজসমূহে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় ছাত্রলীগের মধ্যে বেপরোয়া মানসিকতা কাজ করছে।’ তিনি বলেন, ‘সব দলেই বিজয়ের পর কিছু আবর্জনা, আগাছা ও পরগাছা ঢুকে যায়। আমাদের দলেও এমনটি হয়েছে। তবে অন্যায় করলে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।’