নেতাদের অশোভন বক্তব্যে আওয়ামী লীগ ব্যবস্থা নেয়, বিএনপি পৃষ্ঠপোষকতা করে: তথ্যমন্ত্রী

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বক্তব্য দিচ্ছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদছবি: বাসস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগের কেউ অশোভন বক্তব্য দিলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয় দল। কিন্তু বিএনপির কোনো নেতা অশোভন বক্তব্য দিলে সেই নেতার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাঁর পৃষ্ঠপোষকতা করে।

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বাংলাদেশ সরকারি কর্মচারি কল্যাণ ফেডারেশন (বাসককফ) আয়োজিত অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসব কথা বলেছেন। অনুষ্ঠানে শিশু-কিশোরদের রচনা ও কুইজ প্রতিযোগিতা ‘তারুণ্যের তর্জনী’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘আপনারা ইন্টারনেটে দেখেছেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন, ইশরাক হোসেন, এম এ মালেকের অশোভন কুরুচিপূর্ণ বক্তব্যের বিষয়ে বিএনপি কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এমনকি বিষয়টি নিয়ে কাউকে বিবৃতিও দিতে দেখি নাই। সরকারি দলের কেউ বললে অবশ্যই প্রতিবাদ হবে, সেটা স্বাভাবিক। কিন্তু বিএনপির ক্ষেত্রে সবাই কেন নিশ্চুপ ছিলেন, সেটিই আমার প্রশ্ন।’

তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় বিএনপি নেতারা এই অনাচারগুলো করছেন বলে অভিযোগ করেছেন হাছান মাহমুদ। তিনি বলেন, ‘এম এ মালেক যুক্তরাজ্য থেকে যে ভাষায় বক্তব্য রেখেছে, এরপর কি তার দলীয় পদ থাকা উচিত ছিল? সেগুলো এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া যায়। তাকে তো দল থেকে বাদ দেওয়া হয় নাই। তার অর্থ, যারা এই ধরনের কর্মকাণ্ড করে ও নোংরা কথাবার্তা বলে, বিএনপি তাদের পৃষ্ঠপোষকতা করে।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘আমার দায়িত্বাধীন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী থাকাকালে মুরাদ হাসানের সাম্প্রতিক কিছু বক্তব্য, কর্মকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। সেগুলো সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় প্রধানমন্ত্রী তাকে পদত্যাগ করতে বলেছেন। মুরাদ হাসানকে জামালপুর জেলা আওয়ামী লীগ দলীয় পদ থেকেও বহিষ্কার করেছে।’

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এবং সাংসদ আনোয়ার হোসেন খান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন।

বাসককফ সভাপতি হেদায়েত হোসেনের সভাপতিত্বে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি লুৎফর রহমান খান ও অন্যান্য নেতার বক্তৃতা শেষে অতিথিরা বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন।