নেতাদের খুশি করা নয়, জনগণের আস্থা অর্জন করুন: কাদের
আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে নিজ দলের নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি স্লোগান দিয়ে জনগণকে খুশি করা নয়, জনগণের আস্থা অর্জন করতেও নেতা-কর্মীদের নির্দেশ দেন।
সোমবার সন্ধ্যায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের সামনে এক স্মরণসভায় ওবায়দুল কাদের এ কথা বলেন। ডিএসসিসির সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করে সংস্থাটি।
প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, আর মাত্র দুই বছর পর জাতীয় সংসদ নির্বাচন। আওয়ামী লীগকে আবার বিজয়ী করতে এখনই নেতা-কর্মীদের মাঠে নামতে হবে। ঘরে বসে থাকলে চলবে না। স্লোগান দিয়ে নেতাদের খুশি করারও দরকার নেই। জনগণের বাড়ি বাড়ি গিয়ে তাদের আস্থা অর্জন করুন। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে শিখুন। তিনি বলেন, ‘দলের কমিটি করুন, তবে পকেট কমিটি করবেন না। পকেট কমিটি করলে আগামী নির্বাচনে এর চরম খেসারত দিতে হবে। ভবিষ্যতে ক্ষমতা ধরে রাখতে এর কোনো বিকল্প নেই।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘খালেদা জিয়া প্রশাসনের বিরুদ্ধে ঐতিহাসিক জনতার মঞ্চের নায়ক ছিলেন মোহাম্মদ হানিফ। তিনি আওয়ামী লীগের দুঃসময়ে দলের নেতৃত্ব দিয়েছেন৷ তিনি ছিলেন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র। ২১ আগস্ট বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে গ্রেনেড হামলা থেকে রক্ষা করতে গিয়ে নিজ জীবন উৎসর্গ করেছেন তিনি।’ ওবায়দুল কাদের বলেন, মোহাম্মদ হানিফ সারাটা জীবন দেশ ও আওয়ামী লীগের জন্য কাজ করেছেন। তাঁর সময়ে দলে কোনো গ্রুপিং ছিল না। তাঁর আদর্শ ধারণ করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের রাজনীতি করতে হবে। দলে কোনো বিশৃঙ্খল ও সন্ত্রাসীদের কোনো জায়গা হবে না।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, মোহাম্মদ হানিফ জীবনের শুরু থেকে শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগকে সংগঠিত করতে কাজ করে গেছেন। তিনি কখনো কারও সঙ্গে খারাপ আচরণ করতেন না। তাঁর মধ্যে কোনো অহংকার ছিল না। তিনি অমর হয়ে রয়েছেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেন, মোহাম্মদ হানিফের আদর্শ থেকে জাতির অনেক কিছু শেখার রয়েছে। তিনি ব্যক্তিজীবনে অনেক সৎ ও সাহসী ছিলেন৷
ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ঢাকাবাসীর গর্ব ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ছিলেন তাঁর বাবা মোহাম্মদ হানিফ। তাঁর অসমাপ্ত কাজ সমাপ্ত করতেই তিনি জনগণের জন্য কাজ করে যাচ্ছেন। তাঁর এই কাজে জনগণকে সহযোগিতা করতে তিনি আহ্বান জানান।
সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান, ডিএসসিসির ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু আহমেদ মন্নাফী প্রমুখ বক্তব্য দেন।
এর আগে দুপুরে রাজধানীর আজিমপুর কবরস্থানের সামনে একটি কমিউনিটি সেন্টারে মোহাম্মদ হানিফের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ৷ সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, সাবেক মেয়র প্রয়াত মোহাম্মদ হানিফ সারা জীবন দলের জন্য নিবেদিত হয়ে কাজ করে গেছেন। কখনো কাউকে অসম্মান করেছেন, এমন কথা শোনা যায়নি। ছোট-বড় যে-ই যাক না কেন, তাকে আপন করে নিতেন এবং সম্মান দিতেন।