নেতাদের চোখে 'তিন চমক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওবায়দুল কাদের, পীযূষ ভট্টাচার্য ও আবদুল মান্নান খান
ওবায়দুল কাদের, পীযূষ ভট্টাচার্য ও আবদুল মান্নান খান

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে তিনটি চমক এসেছে বলে মনে করছেন দলটির নেতারা। তাঁদের মতে, সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে আবদুল মান্নান খান ও পীযূষ ভট্টাচার্যের অন্তর্ভুক্তি এবং সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম সৈয়দ আশরাফুল ইসলামের প্রস্তাব করা এবারের কমিটিতে সবচেয়ে বড় চমক।
দলটির সভাপতিমণ্ডলীর দুজন সদস্য প্রথম আলোকে বলেন, আবদুল মান্নান খান ও পীযূষ ভট্টাচার্য কোন হিসেব-নিকেশে সভাপতিমণ্ডলীর সদস্য হলেন, সেটা তাঁরা মেলাতে পারছেন না। ওই দুজনের নাম ঘোষণার পর তাঁরা অবাক হয়েছেন। সম্মেলনস্থলে একে-অন্যের দিকে মুখ ‘চাওয়া-চায়ি’ করেছেন। তাঁদের মধ্যে একজন যুক্তি দিলেন, খুলনা বিভাগ থেকে দলটির গত কমিটিতে সভাপতিমণ্ডলীর সদস্য পদে কেউ ছিলেন না। ওই এলাকায় সভানেত্রী বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ কাউকে খুঁজছিলেন। সেই হিসেবে পীযূষ ভট্টাচার্যকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে তাঁকে কমিটিতে আনার ব্যাপারে চানতে চাইলে পীযূষ ভট্টাচার্য কিছু বলতে রাজি হননি।

খোঁজ নিয়ে জানা গেছে, পীযূষ ভট্টাচার্য বর্তমানে যশোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি। তিনি ১৯৭৩-৭৫ সালে যশোরের মনিরামপুর-কেশবপুর আসনে আওয়ামী লীগ দলীয় সাংসদ ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করা পীযূষ এলাকাতে পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবেই পরিচিত। তাঁর ভাই স্বপন ভট্টাচার্য যশোর-৫ আসনের স্বতন্ত্র সাংসদ। ২০১৪ সালের ৫ জানুয়ারিতে দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয়ে জয়লাভ করেন।

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের সমাপনী দিনে গতকাল নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানান দলের কাউন্সিলররা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাততালি দিয়ে এবং ওবায়দুল কাদের ও সৈয়দ আশরাফুল ইসলাম হাতে হাত ধরে অভিনন্দনের জবাব দেন l ছবি: বাসস
আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের সমাপনী দিনে গতকাল নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানান দলের কাউন্সিলররা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাততালি দিয়ে এবং ওবায়দুল কাদের ও সৈয়দ আশরাফুল ইসলাম হাতে হাত ধরে অভিনন্দনের জবাব দেন l ছবি: বাসস


মান্নান খান প্রতিমন্ত্রী থেকে বাদ পড়ার পর ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে পরাজিত হন। এরপরেই অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) কয়েকবার হাজিরা দিতে হয় তাঁকে। মন্ত্রিত্ব ও সাংসদ পদ হারানোর পর দপ্তর সম্পাদকের কাজে দেখা যায়নি তাঁকে। সেই পদে আবদুস সোবহান গোলাপ কাজ করছিলেন। আর নামেই দপ্তরের দায়িত্বে থাকেন মান্নান খান। আওয়ামী লীগের ওয়েবসাইটে দপ্তর সম্পাদক হিসেবে মান্নান খানের পাশাপাশি আবদুস সোবহান গোলাপের নাম অন্তর্ভুক্ত হয়। কার্যত দপ্তর চালাতেন আবদুস সোবহান গোলাপ। সংবাদ সম্মেলনসহ নানা কর্মসূচিতে অনেক সময় বসার জায়গা না পেয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মান্নান খানকে। তবে ২০তম জাতীয় সম্মেলনে শোকপ্রস্তাব পাঠ করেন মান্নান খান। আর সম্মেলনে যখন শেখ হাসিনা সভাপতিমণ্ডলী পদে মান্নান খানের নাম ঘোষণা করেন, তখন অনেকে বিস্ময় প্রকাশ করেন।

দলটির একজন যুগ্ম সাধারণ সম্পাদক প্রথম আলোকে বলেন, ‘আমি নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলাম না। তবে নেত্রী যেটা ভালো মনে করেছেন, সেটাই করেছেন। এটা নিয়ে কোনো ক্ষোভ নেই।’

বিগত কমিটির একজন সাংগঠনিক সম্পাদক নাম প্রকাশ না করার শর্তে বলেন, দপ্তর সম্পাদক নিয়ে আওয়ামী লীগে একটি কথা খুবই প্রচলিত। সেটা হলো মান্নান খান সব সময় শোকপ্রস্তাব পাঠ করায় তাঁর নাম হয়ে যায় ‘শোকপ্রস্তাব দপ্তর’ আর গোলাপকে বলা হয় ‘আসল দপ্তর’। এ অবস্থায় মান্নান খানের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর পদ পাওয়া চমক তো বটেই।

আর ওবায়দুল কাদেরের নাম সৈয়দ আশরাফ প্রস্তাব করা যে সবার জন্য চমক ছিল, তা পরিষ্কার করলেন কাদের নিজেই। আজ দুপুরে রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে ওবায়দুল কাদের সাংবাদিকদের উদ্দেশ করে বলেন, ‘আপনারা অনেকে চমকের কথা লিখেছেন। এই চমকটা কী হলো, সৈয়দ আশরাফই আমার নাম সাধারণ সম্পাদক হিসেবে প্রস্তাব করলেন। এটাই তো বড় চমক, শেখ হাসিনার নেতৃত্বের ম্যাজিক।’

সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক বাণিজ্যমন্ত্রী ফারুক খানের নাম আগেই আলোচনায় ছিল। তাই তাঁদের অন্তর্ভুক্তিকে চমক হিসেবে দেখছেন না দলীয় নেতারা। আর সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের সভাপতিমণ্ডলীর সদস্য পদে আসাকে বিশেষ চমক হিসেবে দেখছেন না তাঁরা। কারণ, সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় বয়স ও দলে নিষ্ক্রিয়তার কারণে বাদ পড়ার পর উত্তরবঙ্গ থেকে যোগ্যতার কারণেই তিনি স্থান পেয়েছেন বলে মনে করা হচ্ছে।

এবারের সম্মেলনে আওয়ামী লীগের গঠনতন্ত্রে ৭৩ সদস্যের পরিবর্তে কমিটির আকার ৮১ করা হয়। এর মধ্যে সভাপতিমণ্ডলী, যুগ্ম সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষসহ ২১টি পদে কমিটি ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্পাদকমণ্ডলী ও কার্যনির্বাহী কমিটির সদস্যসহ ৬০টি পদে এখনো কারও নাম ঘোষণা করা হয়নি। আজকালের মধ্যে সম্পাদকমণ্ডলী এবং তিন-চার দিনের মধ্যে কার্যনির্বাহী সদস্যদের নাম ঘোষণা করা হবে। সেখানে কী ধরনের চমক থাকবে, তা দেখার অপেক্ষায় দলটির নেতা-কর্মীরা।