দলীয় নেতাদের বিরুদ্ধে অসহযোগিতা, প্রচারণায় বাধা দেওয়া ও সমর্থকদের ওপর হামলার অভিযোগ করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) আওয়ামী লীগের প্রার্থী নূরজাহান বেগম।
নূরজাহান বেগম বলেন, ১৮ মে নিজ গ্রাম মুগারচরে গণসংযোগ করার সময় সন্ত্রাসীরা তাঁর ওপর ককটেল নিক্ষেপ করলে তার পাঁচ কর্মী আহত হন। থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ মামলা নেয়নি। প্রশাসনকে একাধিকবার লিখিত অভিযোগ দেওয়ার পরও তারা কোনো ব্যবস্থা নেয়নি। তিনি অভিযোগ করেন, সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সারের নির্দেশে দলের নেতা-কর্মীরা বিদ্রোহী প্রার্থী মোস্তফা হোসেনের পক্ষে কাজ করছেন।
অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোস্তফা হোসেন ও জাপার প্রার্থী আবদুর রউফ বলেন, কারও গণসংযোগে বাধা দেওয়া হয়নি। অন্যায়ভাবে দোষ চাপানো হচ্ছে।
সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার বলেন, দলের কর্মীদের নূরজাহান বেগমের পক্ষে কাজ করার নির্দেশ দিলেও কর্মীরা তাঁর কথা রাখেননি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, নূরজাহান বেগমের কর্মীদের ওপর যে হামলা হয়েছিল, তা তদন্ত করা হয়েছে। এ বিষয়ে এখনো মামলা হয়নি।