নেতাদের মধ্যে দ্বন্দ্ব, কর্মীরা হতাশায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে জ্যেষ্ঠ সহসভাপতির মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব কখনো কখনো দলীয় সভায় প্রকাশ্য হয়ে পড়ছে। এতে সাংগঠনিক কর্মকাণ্ড থাকলেও এই দ্বন্দ্বে ও বঞ্চনায় মাঠপর্যায়ের সাধারণ নেতা-কর্মীরা হতাশ হয়ে পড়ছেন।
দলীয় কয়েকজন নেতা-কর্মী বলছেন, শীর্ষ তিন নেতার মধ্যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব দলীয় আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বৈঠকে পরস্পরবিরোধী বক্তব্যে প্রকাশিত হলে সাধারণ নেতা-কর্মীরা বিব্রত হচ্ছেন। এই দ্বন্দ্বকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে কয়েকজন নেতা নিজস্ব বলয় তৈরির চেষ্টা চালাচ্ছেন। কিছু নেতা-কর্মী বিভিন্ন সুবিধা পেলেও বঞ্চিত হচ্ছেন অনেকে। দ্বন্দ্ব, বলয় ও বঞ্চনা—এই তিনে হতাশ হয়ে পড়ছেন মাঠপর্যায়ের অনেক নেতা-কর্মী।
জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের অন্তত ১২ জন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, তাঁরা মনে করেন, উপজেলা কমিটিগুলোর ওপর জেলা কমিটির তুলনায় স্থানীয় সাংসদদের প্রভাব ও নিয়ন্ত্রণ বেশি থাকায় দলে নেতৃত্বের শৃঙ্খলা দুর্বল হয়ে পড়ছে। তা ছাড়া বিগত চারদলীয় জোট সরকারের সময়ে নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী গত সাড়ে ছয় বছরে তেমন কিছু পাননি। এই বঞ্চনা তাঁদের হতাশ করেছে।
নয়টি উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনের সব কটিতেই আওয়ামী লীগের সাংসদ রয়েছেন। দলের বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতা বলেন, প্রায় ছয় মাস আগে জেলা কমিটির শীর্ষ তিন নেতার নাম ঘোষণা করা হলেও ওই তিনজনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে এখনো পূর্ণাঙ্গ কমিটি হয়নি। একদিকে রয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সাংসদ ডা. মোজাম্মেল হোসেন ও দলের জেলা সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু। অন্যদিকে রয়েছেন জ্যেষ্ঠ সহসভাপতি ও বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনের সাংসদ মীর শওকাত আলী বাদশা।
দলীয় সূত্র বলেছে, ২০০৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন নিয়ে এই দ্বন্দ্বের শুরু। আগের জেলা কমিটিতেও সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন যথাক্রমে সাংসদ মোজাম্মেল হোসেন ও শেখ কামরুজ্জামান। মীর শওকাত আলী ছিলেন যুগ্ম সম্পাদক। নবম সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনে শেখ কামরুজ্জামান দলীয় মনোনয়ন পাবেন বলে আশাবাদী ছিলেন জেলা সভাপতিসহ তাঁদের পক্ষের নেতা-কর্মীরা। তবে মনোনয়ন পান মীর শওকাত। তিনি সাবেক সাংসদ মীর সাখাওয়াত আলী দারুর ভাই। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনেও মীর শওকাত মনোনয়ন পান এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ওই নির্বাচনে জেলায় চার প্রার্থীর মধ্যে একমাত্র মোজাম্মেল হোসেনকে দলীয় দুই প্রার্থীর বিরুদ্ধে ভোটে জিতে নির্বাচিত হতে হয়েছে।
সাংসদ মোজাম্মেল হোসেনের অভিযোগ, ‘৫ জানুয়ারির নির্বাচনে মীর শওকাত আমাকে হেয় করতে আমার প্রতিপক্ষ প্রার্থীদের সহযোগিতা করেছেন।’
অবশ্য এ অভিযোগের বিষয়ে সাংসদ মীর শওকাত বলেন, ‘এটি তাঁর অমূলক ধারণা। যাঁরা দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয়েছিলেন, তাঁরা নির্বাচনের জন্য দীর্ঘ প্রস্তুতি নিয়েছিলেন। আমি বরং ওই এলাকায় গিয়ে তাঁর জন্য কাজ করেছি।’
দলীয় সূত্র বলেছে, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে মীর শওকাত সভাপতি বা সাধারণ সম্পাদক যেকোনো একটি পদ পেতে আগ্রহী ছিলেন। তবে সম্মেলনে উপস্থিত কেন্দ্রীয় নেতারা সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যথাক্রমে মোজাম্মেল হোসেন এবং শেখ কামরুজ্জামানকে পুনর্বহাল এবং মীর শওকাতকে জ্যেষ্ঠ সহসভাপতি ঘোষণা করেন। তাঁদের তিনজনের ওপর পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের দায়িত্ব দেন। পূর্ণাঙ্গ কমিটি এখনো হয়নি।
এ বিষয়ে শেখ কামরুজ্জামান বলেন, পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ চলছে। তিনি বলেন, ‘দলে ব্যক্তির প্রাধান্য এমন উচ্চমাত্রায় পৌঁছেছে যে বিষয়গুলো দলীয়ভাবে দেখার জায়গা দুর্বল হয়ে গেছে। ফলে দলকে গণমুখী রাখতে সমস্যার মুখোমুখি হচ্ছি।’
তবে মীর শওকাত বলেন, ‘আমি পূর্ণাঙ্গ কমিটি গঠনে দায়িত্বপ্রাপ্ত তিনজনের একজন হলেও কমিটি গঠন নিয়ে আমার সঙ্গে কেউ এখনো কথা বলেননি।’ সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে তাঁর বিরোধের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার কারও সঙ্গে বিরোধ নেই। আওয়ামী লীগ বড় দল। এখানে যোগ্য লোকের অভাব নেই। সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী কেউ মনোনয়ন না পেয়ে হতাশ হয়ে বা ক্ষুব্ধ হয়ে আমাকে প্রতিপক্ষ ভাবতে পারেন।’
শীর্ষ তিন নেতার বিরোধে সংগঠনে কী প্রভাব পড়ছে, জানতে চাইলে কোনো মন্তব্য করেননি বাগেরহাট পৌরসভার মেয়র ও বিগত জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক খান হাবিবুর রহমান। বাগেরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি ইবনে মিজান হিরু বলেন, ‘দলে অনেক মতের মানুষ, নেতা-কর্মীও অনেক। কিন্তু শেষ পর্যন্ত আমরা দলীয় সিদ্ধান্তই পালন করি।’