নেতারা চার ধারায় অসন্তোষ কর্মীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় জেলা বিএনপি চার ধারায় বিভক্ত হয়ে পড়েছে। এই ধারাগুলোর নেতৃত্বে আছেন জেলা আহ্বায়ক কমিটির সদস্যরা। সব পক্ষই ঢাকায় গিয়ে কেন্দ্রীয় নেতাদের কাছে পরস্পরের প্রতি পাল্টাপাল্টি অভিযোগ করছে। কিন্তু তাদের সক্রিয়তা নেই। এতে তৃণমূলে সৃষ্টি হয়েছে অসন্তোষ।
এই অবস্থায় ৩০ সেপ্টেম্বরের মধ্যে দলের জেলা সম্মেলন, কাউন্সিল ও কমিটি গঠন নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন মাঠপর্যায়ের নেতা-কর্মীরা। বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান গত ৯ আগস্ট ওই সময়ের মধ্যে সম্মেলন ও কমিটি গঠনের নির্দেশ দেন।
জেলা বিএনপির সূত্র বলেছে, শহরতলিতে প্রবীণ রাজনীতিক ও শিল্পপতি মোজাম্মেল হকের মালিকানাধীন বিস্কুট কারখানায় বসে কাউন্সিল ছাড়াই ২০০৯ সালের ২৪ ডিসেম্বর জেলা বিএনপির কমিটি গঠিত হয়েছিল। কমিটিতে মোজাম্মেল হককে সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে সাধারণ সম্পাদক করা হয়। নেতা-কর্মীদের অনেকে বলেন, ওই কমিটি করার পর দলে পক্ষ-বিপক্ষের শুরু। দলের আরেক নেতা অহিদুল ইসলাম বিশ্বাস ওই বছরের ২৮ ডিসেম্বর শহরে সমাবেশ করে পাল্টা কমিটি গঠন করেন। উপজেলা, পৌর, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়েও দুই পক্ষের পাল্টাপাল্টি কমিটি গঠন করা হয়। তবে দুটি জেলা কমিটির একটিও কেন্দ্রের অনুমোদন পায়নি। এ দুই পক্ষের পাল্টাপাল্টি প্রদর্শন চলে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগ পর্যন্ত। কিন্তু নির্বাচনের পর সব পক্ষ ক্রমে নিস্তেজ হয়ে পড়ে।
দলীয় নেতারা বলেন, দলকে শক্তিশালী করতে ২০১৪ সালের ২৭ এপ্রিল অহিদুল ইসলামকে আহ্বায়ক করে ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়। এই কমিটি করার পর শুরুতে চাঞ্চল্য দেখা দিলেও কমিটির নেতাদের পরস্পরের বিরুদ্ধে অবস্থানে চার ধারার সৃষ্টি হয়। চলতি বছরের ৫ জানুয়ারি থেকে কেন্দ্রঘোষিত আন্দোলনে নেতা-কর্মীদের উপস্থিতি ক্রমশ কমতে থাকে। ২৪ জানুয়ারি গ্রেপ্তার হন অহিদুল ইসলাম বিশ্বাস। গ্রেপ্তার এড়াতে জ্যেষ্ঠ নেতারা আত্মগোপন করেন। অহিদুল ইসলাম এক মাস পর কারামুক্ত হলে জেলা বিএনপির কার্যালয় বন্ধ ঘোষণা করে সাইনবোর্ড নামিয়ে ফেলা হয়। সেই থেকে বিএনপিকে আর মাঠে দেখা যায়নি। তবে বিভিন্ন ধারার নেতারা ঢাকায় গিয়ে কেন্দ্রীয় নেতাদের কাছে পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ জানাচ্ছেন।
এক পক্ষে আছেন আহ্বায়ক কমিটির সদস্য শরীফুজ্জামান ও আবু আলা সামসুজ্জামান। আরেক পক্ষে অহিদুল ইসলাম বিশ্বাসসহ কয়েকজন। যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান অপর একটি পক্ষে এবং সদস্য নোয়াব আলী আছেন আরেক পক্ষে। শরীফুজ্জামান বলেন, শীর্ষস্থানীয় নেতারা সাংগঠনিক ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে নিজেদের অনুসারীদের নিয়ে কমিটি গঠন করেছেন। কেউ কেউ একাধিক পদ আঁকড়ে রেখেছেন।
ওয়াহেদুজ্জামান দাবি করেন, ৫১ সদস্যের আহ্বায়ক কমিটির ৪০ জনই অহিদুল ইসলামের বিপক্ষে রয়েছেন। ইতিমধ্যে ৩৬ জনের স্বাক্ষরিত একটি অভিযোগ চেয়ারপারসন ও তাঁর কার্যালয়ে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, অহিদুল ইসলামকে বাদ দিয়ে নতুন করে আহ্বায়ক কমিটি গঠন করতে পারলে দল আবার চাঙা হবে।
অবশ্য আহ্বায়ক কমিটির সদস্য সরদার আলী হোসেন বলেন, এখন পর্যন্ত অহিদুল ইসলামই কেন্দ্রীয় কর্মসূচি পালন করছেন। যাঁরা নিজেদের সংখ্যাগরিষ্ঠ দাবি করছেন, তাঁদের মাঠে দেখা যায়নি। চেয়ারপারসন চুয়াডাঙ্গার রাজনীতি নিয়ে খুবই অসন্তুষ্ট। তিনি গ্রুপিং ভুলে ঐক্যবদ্ধ রাজনীতির ওপর জোর দিতে বলেছেন।
সার্বিক বিষয়ে অহিদুল ইসলাম বিশ্বাস প্রথম আলোকে বলেন, দলকে শক্তিশালী করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রঘোষিত সময়েই জেলা কমিটির সম্মেলন ও কাউন্সিল হবে। তিনি বলেন, ভাড়ার ঘরে জেলা কার্যালয় ছিল। মালিক ঘর ভাড়া দিতে অপারগতা জানানোর কারণে কার্যালয় বন্ধ করা হয়। কার্যালয়ের জন্য ঘর খোঁজা হচ্ছে।
আগামীকাল পড়ুন: ফরিদপুর জেলার রাজনীতি