নেতারা থাকেন ঢাকায়, অনুসারীরা বিভক্ত তিন ধারায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনই থাকেন ঢাকায়। দলীয় কর্মসূচি থাকলে এলাকায় আসেন। কর্মসূচি শেষ হলে ঢাকায় ফিরে যান। একইভাবে জেলার আটটি সংসদীয় আসনে ২০০৮ সালের নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরাও থাকেন ঢাকায়।
নেতা-কর্মীরা প্রথম আলোকে জানান, জেলায় দল অনেকটা অভিভাবকহীন হলেও কোন্দল থেমে নেই। তিন ধারায় বিভক্ত নেতা-কর্মীরা। তাঁরা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করেন।
জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৯ সালের নভেম্বরে। সরাসরি ভোটে সে সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচন করা হয়। এতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আযম খান সভাপতি, সাবেক মন্ত্রী ও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি আবদুস সালামের ভাই শামসুল আলম সাধারণ সম্পাদক এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফরহাদ ইকবাল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর থেকে শুরু হয় কোন্দল।
টাঙ্গাইল জেলা বিএনপি এখন কার্যত তিনটি ধারায় বিভক্ত। এক ধারায় রয়েছেন সভাপতি আহমেদ আযম খান, অপর ধারায় সাধারণ সম্পাদক শামসুল আলম। তৃতীয় ধারাটি হচ্ছে সাবেক মন্ত্রী মাহমুদুল হাসানের। গত রমজানে জেলা বিএনপির ইফতার পার্টিতে এই কোন্দলের বহিঃপ্রকাশ ঘটে। টাঙ্গাইল ক্লাবে অনুষ্ঠিত এই ইফতার পার্টিতে পক্ষগুলোর মধ্যে হাতাহাতি ও ভাঙচুরের ঘটনা ঘটে। সম্প্রতি সভাপতির বিরুদ্ধে তাঁর বিরোধীরা ব্যক্তিগত আক্রমণ করে বেনামে শহরে পোস্টার লাগিয়েছে। এতে সভাপতির অপসারণ দাবি করা হয়। এর পরপরই সাধারণ সম্পাদকের বিরুদ্ধেও তাঁর বিরোধীরা চরিত্র হনন করে পাল্টা পোস্টার লাগায় এবং তাঁর অপসারণ দাবি করে।

আর তৃতীয় ধারার নেতা মাহমুদুল হাসানের বিরুদ্ধে সভাপতি ও সাধারণ সম্পাদক দুই পক্ষেরই অভিযোগ এক—মাহমুদুল হাসান জাতীয় পার্টি থেকে এসেছেন। তিনি বিএনপির কর্মীদের মূল্যায়ন করেন না। জাতীয় পার্টি থেকে তাঁর সঙ্গে আসা ব্যক্তিদের নিয়ে রাজনীতি করেন।
জেলা বিএনপির এই কোন্দলের হাওয়া লেগেছে অঙ্গসংগঠনগুলোতেও। ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল রয়েছে সাধারণ সম্পাদকের দিকে। যুবদল ও মহিলা দল সমর্থন করে সভাপতিকে।
জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এই মুহূর্তে দেশের বাইরে অবস্থান করছেন। ফলে তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে জেলার সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, দায়িত্বে থাকা নেতারা এলাকায় থাকেন না। তাঁদের নিজেদের মধ্যে কোন্দলও আছে। তাই স্থানীয় নেতা-কর্মীরা অবিলম্বে কাউন্সিলের মাধ্যমে এলাকার নেতাদের কমিটিতে আনার দাবি তুলেছেন। কেন্দ্রেরও এতে সমর্থন আছে। তা ছাড়া এক নেতার এক পদ থাকাটা এখন সবচেয়ে জরুরি।
দলের মাঠপর্যায়ের নেতা-কর্মীদের অভিযোগ, শীর্ষ নেতারা সংগঠন গোছাতে কেউ মনোযোগী নন। দল ক্ষমতায় গেলে কে কোন খাত দখলে নেবেন, সে জন্য এখন থেকেই কোন্দলে লিপ্ত। নেতা-কর্মীদের দাবি, দায়িত্বশীল গুরুত্বপূর্ণ পদে থেকে যাঁরা গ্রুপিং করছেন, তাঁদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া দরকার। তাঁদের মতো দলের প্রতিটি ক্ষেত্রে পরীক্ষিত ত্যাগী নেতাদের মূল্যায়ন করা উচিত।
২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন প্রতিহতের আন্দোলন ও চলতি বছরের গোড়ায় সরকার পতনের আন্দোলনে টাঙ্গাইল জেলা বিএনপির কর্মকাণ্ড তেমন একটা ছিল না। জেলায় বড় ধরনের সরকারবিরোধী আন্দোলন না হওয়ায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে তেমন মামলাও হয়নি। হাতে গোনা যে কয়জন কর্মী গ্রেপ্তার হয়েছিলেন, তাঁদের প্রায় সবাই ছাড়াও পেয়েছেন।
দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলার শীর্ষ নেতারা আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে সমঝোতা করে কর্মসূচি পালন করেছেন। লোক দেখানো এই আন্দোলন শহরের পৌর উদ্যান থেকে নিরালা মোড় অথবা ক্লাব রোডের মোড়, এই ২০০ গজের মধ্যে সীমাবদ্ধ ছিল।